মন্ত্রীর ছিনতাই হওয়া ফোন উদ্ধার হয়নি ৪ দিনেও

৪ দিন আগে ৩০ মে সন্ধ্যায় রাজধানীর বিজয় সরণী এলাকায় ছিনতাইকারীর শিকার হয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোন। এখন পর্যন্ত গাড়িতে বসে থাকা মন্ত্রীর হাত থেকে ছিনতাই হওয়া ফোনটিকে উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে ফোন উদ্ধারে পুলিশের বিভিন্ন ইউনিট জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

এ বিষয়ে কাফরুল থানার ওসি সেলিমুজ্জামান জানান, ঘটনার পর থেকে সম্ভাব্য সব উপায়ে ফোন উদ্ধারে কাজ করা হচ্ছে। আমি নিজেই চারদিন ধরে মাঠে রয়েছি। কোথাও এ সম্পর্কিত কোনো তথ্য পেলেই আমরা ছুটে যাচ্ছি। তবে এখনও সুনির্দিষ্ট কিছু জানা যায়নি। ফোন ব্যবহার না হওয়ায় এর অবস্থানও জানা যাচ্ছে না। আশা করছি, শিগগিরই লুণ্ঠিত ফোন উদ্ধার করা সম্ভব হবে।

পুলিশ সূত্রে জানা যায়, ৩০ মে সন্ধ্যা বেলা নিজ দপ্তর থেকে বাসায় ফিরছিলেন মন্ত্রী। যানজটে বিওয় সরণী এলাকায় আটকে যায় তার গাড়ি। জানালা খোলা রেখে নিজের আইফোনে কিছু একটা করছিলেন মন্ত্রী। তখন জানালা দিয়ে ছোঁ মেরে এক ছিনতাইকারী তার ফোনটা কেড়ে নেয়।

মন্ত্রীর নিরাপত্তায় থাকা গানম্যান ছিনতাইকারীর পিছনে ধাওয়া করেও ধরতে পারেননি। রাতেই কাফরুল থানায় মামলা করেন মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হুমায়ুন কবীর। পরে নতুন সিম তুলেছেন মন্ত্রী।

এ ঘটনার দু’দিন পর মঙ্গলবার মন্ত্রী নিজেই সাংবাদিকদের এসব তথ্য জানিয়ে বলেন, ‘মোবাইলে সম্ভবত নিউজ পড়ছিলাম। হঠাৎ এক ঝলকে অবিশ্বাস্য গতিতে ঝড়ের মতো এসে হাত থেকে ফোন নিয়ে চলে গেল। আমি দেখিনি লোকটাকে।’

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর