দুই টাইগারকে নিয়ে আফগান দলনেতার যত ভয়

সাউথাম্পটনের রোজ বোল মাঠে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। শেষ চারে যাওয়ার আশা টিকিয়ে রাখতে হলে আজকের ম্যাচসহ বাকি দুটি ম্যাচও জিততে হবে টাইগারদের।অন্যদিকে প্রতিপক্ষ আফগানদের বিশ্বকাপে টিকে থাকার আশা শেষ ভারতের বিপক্ষে হেরেই।তাই আজ রশিদ-নবীরে চাইবে টাইগারদের হারিয়ে শেষ হাসি নিয়ে দেশে ফিরতে।সে লক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ হুমকিও দিয়েছেন আফগান নেতা।আবার ভয়ের কথাও জানিয়েছেন তিনি।বিশেষ করে দুই টাইগারকে নিয়ে দারুণ ভয়ে আছে আফগানিস্তান। এমনটাই জানিয়েছেন আফগান অধিনায়ক।

যে দুজনকে ভয় পান, তাদের একজন দলের সেরা খেলোয়াড়। এই টুর্নামেন্টেও আছেন দুর্দান্ত ছন্দে। ব্যাট হাতে টক্কর দিচ্ছেন সেরাদের কাতারে। আরেকজন দলকে রেখেছেন এক সুতোয় বেধে, মাঠে প্রতিপক্ষকে কাবু করতে দিচ্ছেন পাকা চাল। বাংলাদেশের সেরা তারকা সাকিব আল হাসান আর অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে নিয়ে তাই আলাদা ভাবনার কথা জানালেন আফগান অধিনায়ক গুলবদিন নাইব।

বিশ্বকাপে এই পর্যন্ত ৫ ম্যাচ খেলে দুই সেঞ্চুরিতে সাকিব করেছেন ৪২৫ রান। সেরা রান সংগ্রাহকের তালিকায় আছেন দুই নম্বরে। আফগানিস্তান অধিনায়ক ঠিকই জানেন তাদের বিপক্ষে সবচেয়ে বড় হুমকি হতে পারেন বিশ্বসেরা অলরাউন্ডারই, সাকিব নিয়ে তাই তার কথায় ঝরল প্রশংসা আর উদ্বেগ, ‘সাকিব যেভাবে তার দলের জন্য খেলে যাচ্ছে, এক কথায় তা অসাধারণ। তাকে এবং অন্যদের কীভাবে আটকাবো তার নিশ্চিত কোন উপায় তো নেই।’

‘সাকিব কেবল এই আসরে নয়, গেল দুই বছর থেকেই দারুণ খেলে যাচ্ছে। বাংলাদেশে সেই সেরা। ফ্রেঞ্চাইছি ক্রিকেটে তাকে একই দলে পেয়েছে নবী আর রশিদ। চেষ্টা করছি তাকে জানার। কাল যদি তার দিন হয় আমাদের জন্য কাজটা সত্যি কঠিন হয়ে যাবে।’

কেবল সাকিব নয়। কেবল ব্যাটে বলের পারফরম্যান্সই নয়। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মর্তুজার নেতৃত্বগুণ, কৌশল নিয়েও ভাবছেন গুলবদিনরা, বিশ্বকাপের আগে অধিনায়কত্ব পাওয়া এই আফগান অলরাউন্ডার দায়িত্বের উত্তপ্ত চেয়ারে বসে উপলব্ধি করছেন গত কয়েক বছর থেকেই কাজটা কি সাবলীলভাবে করে চলেছেন মাশরাফি, ‘মর্তুজা অধিনায়ক হওয়ার পর থেকেই বাংলাদেশ গত কয়েক বছর থেকে ভালো করছে। গেল চার বছর থেকেই আসলে তারা তাদের স্কিল দেখিয়ে আসছে। মর্তুজার এই জন্য কৃতিত্ব পাওনা। দলকে সে অসাধারণ নেতৃত্ব দিচ্ছে। বাংলাদেশের এগিয়ে যাওয়া মুগ্ধ হয়ে দেখতে হয়। বিশ্বকাপে তারা দারুণ। আমাদের কাজটা একেবারেই সহজ হবে না।’

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর