কাউন্টারে ট্রেনের টিকেট দেওয়ার ঘোষণা

করোনাকালে দীর্ঘ দুই মাসেরও বেশী সময় ধরে স্টেশনের কাউন্টারে ট্রেনের টিকেট দেওয়া বন্ধ থাকার পর অবশেষে আগামী ৮ জুন থেকে কাউন্টারে টিকেট বিক্রি করা হবে।

বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার (০৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

তাদের বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনার কারণে ট্রেনে আসন সংখ্যার অর্ধেক ফাঁকা রাখার সিদ্ধান্ত বহাল আছে। তবে বাকি অর্ধেক আসনের টিকিট সমভাবে কাউন্টার এবং অনলাইনে বিক্রি করা হবে। ৮ জুন সকাল আটটা থেকে কাউন্টারে টিকিট বিক্রি শুরু হবে।

আরও বলা হয়, বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কেউ টিকিট কিনে ফেরত দিতে চাইলে যথাযথ নিয়মে রিফান্ড করা হবে। অনলাইন বা কাউন্টারে যেকোনো মাধ্যমে নির্ধারিত কোটার টিকিট অবিক্রিত থাকলে যাত্রার ৪৮ ঘণ্টা আগে অন্য মাধ্যমের কোটায় চলে যাবে। অর্থাৎ কাউন্টারের কোটার টিকিট বিক্রি না হলে স্বয়ংক্রিয়ভাবে তা অনলাইন কোটায় চলে যাবে। একইভাবে অনলাইনের অবিক্রিত টিকিট কাউন্টার থেকে বিক্রি হবে।

উল্লেখ্য, করোনার সংক্রমণ রোধে গত ৫ এপ্রিল সাধারণ গণপরিবহনের মত যাত্রীবাহী রেলওয়েতেও জারি করা হয় চলাচলের বিধিনিষেধ। লকডাউন শিথিলের পর গত ২৪ মে থেকে অর্ধেক আসনে যাত্রী নিয়ে চলাচল করছে সব ট্রেন।

বাংলাদেশ রেলওয়ের বহরে ৩৫০টি যাত্রীবাহী ট্রেন রয়েছে। করোনার কারণে বর্তমানে ২৪টি আন্তঃনগর ও ৯টি মেইল ও লোকাল ট্রেন চলছে। লকডাউনের আগেই সিদ্ধান্ত হয়েছিল যাত্রার পাঁচ দিন আগে ট্রেনের আগাম টিকিট কেনা যাবে। ৮ জুন থেকে এ নিয়মে টিকিট বিক্রি হবে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর