করোনায় বন্ধ স্কুলভবন এখন প্রভাবশালীদের গরু-ছাগলের গোয়াল

বরগুনার বেতাগীতে মহামারি করোনাকালে বন্ধ হয়ে যাওয়া স্কুলভবন দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় দখল করেছেন স্থানীয় প্রভাবশালী মহল। তাদের গরু-ছাগল রাখার কাজে ব্যবহার হচ্ছে ভবনগুলো।

সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, উপজেলার ৯৯ নং ঝিলবুনিয়া প্রাথমিক বিদ্যালয় ভবনের বেশ কয়েকটি কক্ষে নিয়মিতই গরু রাখছেন স্থানীয় প্রভাবশালী মহল। বিদ্যালয়ের আঙিনা ঝোপঝাড় আর ময়লায় জঙ্গলে পরিণত হয়েছে। প্রতিটি কক্ষেই ৩ থেকে ৫টি গরু বেঁধে রাখার পাশাপাশি ভবনের ছাদেও চলে তাস খেলার আড্ডা।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সারমিন জাহান বলেন, করোনার পর থেকে বিদ্যালয়ের খোঁজখবর তেমন নেয়া হয়নি। আর কিছুদিন আগে বন্যার কারণে গরু ছাগল রেখেছিল তখন আমি বাঁধা দিয়েছি। তবে তারা এলাকার প্রভাবশালী ও প্রতিষ্ঠানের জমিদাতা হওয়ার কারণে কাউকে পরোয়া করে না।

একই অবস্থা উপজেলার দক্ষিণ হোসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাসন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়,উত্তর করুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাছুয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানেরও।

এছাড়াও উপজেলার কাইয়ালঘাটা মাধ্যমিক বিদ্যালয়, বিবিচিনি মাধ্যমিক বিদ্যালয়সহ বেশ কিছু মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার বারান্দা গরুর গোয়ালে পরিণত হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম ও মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুর রহমান বলেন, বেশ কিছুদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বিদ্যালয়ের পরিবেশ ঢিলেঢালা হয়েছে। এ ব্যাপারে খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন বলেন, ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে তারা প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করবেন এবং তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর