শিবচরে ইউপি নির্বাচনের পোষ্টার লাগাতে গিয়ে সড়কে কিশোরের মৃত্যু

মাদারীপুরের শিবচর উপজেলার ইউপি নির্বাচনে প্রচারনায় নামতে গিয়ে সড়ক দুর্ঘটনায় হাসান শিকদার(১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

এ সময় আরো তিনজন আহত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুন) বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার পাচ্চর-শিবচর আঞ্চলিক সড়কের মিয়াবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসান একই উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বাহেরচর এলাকার বাচ্চু শিকদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আগামী ২১ জুন শিবচর উপজেলার ১৩ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই ঘোষনা পাওয়ার সাথে সাথে প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছে প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় পাঁচ্চর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হাওলাদারের পক্ষে পোস্টার নিয়ে সকালে ভ্যানযোগে নামে হাসানসহ বেশ কয়েকজন কিশোর। তারা বিভিন্ন এলাকায় ঘুরে পোস্টার টানানোর কাজ করতে থাকে।

এসময় তারা ভ্যান নিয়ে পাঁচ্চর-শিবচর আঞ্চলিক সড়কের মিয়া বাড়ি নামক স্থানে আসলে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৪জন গুরুতর আহত হলে তাদেরকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এসময় অবস্থার অবনতি হলে হাসানকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে নেয়ার সময় পথিমধ্যে দুপুর দেড়টার দিকে সে মারা যায়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহতের ঘটনায় চালক পালিয়ে গেছে। তবে ঘাতক লেগুনাটি জব্দ করা হয়েছে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা প্রক্রীয়াধীন।

আকাশ আহম্মেদ সোহেল/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর