বিশ্বকাপে ছয়টি ম্যাচ খেলে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ। একমাত্র পাকিস্তানের বিরুদ্ধে জয় ছাড়া আরো কোন জয় নেই। দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা ব্যর্থ হলেও শেলডন কটরেল কিন্তু ‘স্যালুট’ করে নজর কেড়ে নিয়েছেন বিশ্বকাপে।
ফুটবল মাঠে বিপক্ষের জালে বল জড়ানোর পরে বিভিন্ন ভঙ্গিতে সেই গোল উদযাপন করে থাকেন ফুটবলাররা। পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো গোল করার পরে অভিনব ভঙ্গিতে সেই গোল উদযাপন করেন। লিওনেল মেসি আবার দুই হাত ছড়িয়ে দিয়ে দৌড়ান। কেউ আবার মুষ্টিবদ্ধ হাত ছুড়েন শূন্যে। ক্রিকেটাররাও পিছিয়ে নেই। দক্ষিণ আফ্রিকার স্পিনার ইমরান তাহির উইকেট নেওয়ার পরে পুরো মাঠ প্রদক্ষিণ করেন। ওয়েস্ট ইন্ডিজের বোলার শেলডন কটরেল মিলিটারি কায়দায় স্যালুট করেন।
তবে তার এমন সেলিব্রেশনের কারণ কী? কটরেল জামাইকার সামরিক বাহিনীর সৈনিক। কর্মরত সহকর্মীদের প্রতি সম্মান জানানোর জন্যই তিনি এভাবে উদযাপন করেন।
কটরেল স্বয়ং বলেছেন, ‘আমি জামাইকান ডিফেন্স ফোর্সের সৈনিক। সহকর্মীদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের এটি একটা উপায়।’ চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত ৯টি উইকেট নিয়েছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ১০ ওভার হাত ঘুরিয়ে কটরেল নেন চারটি উইকেট। দু’টি ক্যাচ ধরার পাশাপাশি একটি রান আউটও করেন কটরেল। তবুও তার দেশকে জেতাতে পারছেন না বিশ্বকাপে।