গোপন বৈঠককালে জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলা আমিরসহ পাঁচজনকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (২ জুন) রাতে কালাই উপজেলা পাড়া থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন- জামায়াতে ইসলামীর জেলা আমির রেজাউল করিম (৪৭), কালাই উপজেলা জামায়াত ইসলামীর আমির মুনসুর রহমান (৪৭), সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান (৪৪), সমাজসেবা সম্পাদক এবং কালাই টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মো.তাইফুল ইসলাম (৪৭), কালাই পৌর জামায়াতে ইসলামীর আমির মোজাফফর হোসেন (৪৭)।
আটকের সত্যতা নিশ্চিত করে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, ‘বুধবার রাতে কালাই উপজেলা পাড়ার জামায়াত ইসলামীর আমীর মুনসুর রহমানের বাড়িতে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা গোপন বৈঠকে বসেন।’
‘গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে জিহাদি বইসহ তাদের আটক করে। ধারণা করা হচ্ছে, তারা নাশকতামূলক কাজ করতে ওই বৈঠকে বসেছেন। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।’
রিফাত আমিন রিয়ন/বার্তাবাজার/ই.এইচ.এম