নওগাঁর ধামইরহাটে ফলজ, বনজ ও ঔষধি জাতের প্রায় ৬হাজার গাছের চারা বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান। বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে উপজেলার ১নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুজ্জামান এর ব্যতিক্রমী উদ্যোগে ওই ইউনিয়ন পরিষদের খেটে খাওয়া সাধারণ মানুষের মাঝে ফলজ, বনজ ও ঔষধী জাতের প্রায় ২৫টি প্রজাতের গাছের চারা বিতরণ করা হয়।
জানা গেছে, প্রতিটি মানুষ যেন ফলের স্বাদ গ্রহণ করতে পারেন তারই ধারাবাহিকতায় ওই ইউনিয়নে ৮টি ওয়ার্ডের সাধারণ মানুষের মাঝে চায়না থ্রি জাতের লিচু, কাঁঠাল, পেঁপে, বেদনা, বিচিবিহীন সিডলেস জাতের লেবু, নিম, আকাশ মনি, মেহগনি, হরিতকি, বহেরা, বাড়ি-১০ জাতের আমের গাছসহ ২৫ প্রজাতের প্রায় ছয় হাজার চারা বিতরণ করা হয়েছে। করোনা পরিস্থিতিতে জনসাধারণকে সচেতন করতে এ সময় উপস্থিত সকলের মাঝে মাস্ক, সাবান ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
গাছের চারা বিতরণী অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুজ্জামান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন, ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. তনছের আলী, ওয়ার্ড আ’লীগের সম্পাদক রফিকুল আতিক কনক, ইউপি সদস্য রেহানা পারভীনসহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।
এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুজ্জামান বলেন, আমার ইউনিয়নের প্রতিটি বাড়ির আঙিনাসহ খোলা জায়গায় ফলজ, বনজ ও ঔষধি গাছের ভরিয়ে দিতে চাই।
রেজুয়ান আলম/বার্তাবাজার/ই.এইচ.এম