কালিগঞ্জে ৩ দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

স্বাস্থ্যবিধি মেনে ম্যাটস্ শিক্ষা প্রতিষ্ঠান খোলাসহ ৩ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩ জুন) বেলা ১১ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জের নলতায় অবস্থিত মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস্) ক্যাম্পাসের সম্মুখের সড়কে শিক্ষার্থীদের জাতীয় সংগঠন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট’স এ্যাসোসিয়েশন এর নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন।

বিক্ষোভ সমাবেশে ভুক্তভোগী শিক্ষার্থীরা বলেন, মহামারী করোনাভাইরাসের কারণে ১৫ মাস ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দীর্ঘদিন বাড়িতে থাকায় পড়ালেখার প্রতি আগ্রহ হারিয়ে যাচ্ছে। মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ার পাশাপাশি তাদের শিক্ষাজীবন ধ্বংস হওয়ার উপক্রম হয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া ও পরীক্ষাসহ যাবতীয় কার্যক্রম সচল করে তাদের স্বাভাবিক জীবন ফিরিয়ে দেয়ার আহ্বান জানান তারা।

পরে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট’স এ্যাসোসিয়েশন ম্যাটস্ এর সাতক্ষীরার সমন্বয়ক মুজাহিদুল ইসলাম ও সহ-সমন্বয়ক মাছুম বিল্ল্যাহ’র নেতৃত্বে শিক্ষার্থীদের স্বাক্ষরকৃত স্মারকলিপি প্রতিষ্ঠানের অধ্যক্ষ ডা. শেখ নাজমুস সাকীব এর হাতে তুলে দেন তারা।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সচিব বরাবর প্রেরিত ওই স্মারকলিপিতে স্বাস্থ্যবিধি মেনে ম্যাটস্ শিক্ষা প্রতিষ্ঠান খোলা, জুন ২০২০ সাপ্লিমেন্ট পরীক্ষার রেজাল্ট অবিলম্বে প্রকাশ এবং ডিসেম্বর ২০১৮ এর পরীক্ষায় পাশকৃত শিক্ষার্থীদের মূলসনদ অতি দ্রুত প্রদানের জন্য দাবি জানানো হয়েছে।

শাওন আহমেদ সোহাগ/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর