কোনো প্রতিষ্ঠান যদি তাদের মোট কর্মীর ১০ শতাংশ তৃতীয় লিঙ্গের মানুষ নিয়োগ দেয় তবে সেই প্রতিষ্ঠানের জন্য বিশেষ কর ছাড়ের প্রস্তাব দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (০৩ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট প্রস্তাবে এই ছাড়ের কথা জানান।
তিনি বলেন, যদি কোনো প্রতিষ্ঠান তার মোট কর্মচারীর ১০ শতাংশ বা ১০০ জনের বেশি তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের নিয়োগ দেয়, তবে ওই কর্মচারীদের পরিশোধিত বেতনের ৭৫ শতাংশ বা প্রদেয় করের ৫ শতাংশ, যেটি কম, তা নিয়োগকারীকে কর রেয়াত হিসেবে প্রদানের জন্য প্রয়োজনীয় বিধান সংযোজনের প্রস্তাব করছি।
অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষকে সামাজিক ও অর্থনীতির মূলধারায় অন্তর্ভুক্তির লক্ষ্যে নিরলস চেষ্টা করে যাচ্ছে। প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অন্যতম একটি অংশ হচ্ছে তৃতীয় লিঙ্গের মানুষ। এ জনগোষ্ঠী অন্যান্য মানুষের চেয়ে আর্থসামাজিকভাবে পিছিয়ে আছে এবং তারা সমাজের মূলধারার বাইরে রয়েছে।
পাশাপাশি সমাজের বিশেষ শ্রেণির এই মানুষদের জন্য করমুক্ত আয়সীমাও বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এত দিন সবার মতো তৃতীয় লিঙ্গের মানুষের করমুক্ত আয়সীমা ছিল তিন লাখ টাকা। এখন এটা বাড়িয়ে সাড়ে তিন লাখ টাকা করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
বৃহস্পতিবার (০৩ জুন) বিকাল ৩টায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট অধিবেশনে এই বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা এবারের বাজেটের আকার প্রস্তাব করা হয়েছে। যার মধ্যে ঘাটতি আছে ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা।
বার্তা বাজার/এসজে