শহর বা গ্রামে যেখানেই বাড়ি করা হোক না কেন তার জন্য টিআইএন নিতে হবে। এর মাধ্যমে সংশ্লিষ্ট মালিক আওতায় আসবেন করজালের। বাড়ির নকশা অনুমোদন করতেও কর শনাক্তকরণ নাম্বার বা টিআইএন নাম্বার বাধ্যতামূলক করা হয়েছে।
পাশপাশি যেকোনো সমবায় সমিতির নিবন্ধন পেতেও বাধ্যতামূলক করা হয়েছে এই প্রকিয়া। যার ফলে সমবায় সমিতি করতে হলেও এখন থেকে কর দিতে হবে।
বৃহস্পতিবার (০৩ জুন) ২০২১-২২ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে এই বিধান আরোপ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বাজেট বক্তৃতায় তিনি বলেন, করজাল সম্প্রসারণে বাড়ির নকশা অনুমোদন ও সমবায় সমিতির নিবন্ধনে টিআইএন গ্রহণের বাধ্যবাধকতা আরোপের প্রস্তাব করছি। এ ছাড়া বন্ধুবান্ধব বা সহকর্মীদের নিয়ে কোনো সমবায় সমিতি করলে সেটির নিবন্ধন নিতে হলেও টিআইএন গ্রহণ করতে হবে। এর ফলে বাড়ির মালিক ও সমবায় সমিতিগুলো করজালের আওতায় আসবে।
বৃহস্পতিবার (০৩ জুন) বিকাল ৩টায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট অধিবেশনে এই বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা এবারের বাজেটের আকার প্রস্তাব করা হয়েছে। যার মধ্যে ঘাটতি আছে ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা।
বার্তা বাজার/এসজে