ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় গত মঙ্গলবার ছাত্রদলের নেতৃবৃন্দের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
ছাত্রলীগের হামলায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকনসহ ছাত্রদলের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হন। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে ছাত্রলীগকে রাজপথে মোকাবিলার ঘোষণা দিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (৩ জুন) সকালে ঢাবি ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সদস্য সচিব মো. আমানউল্লাহ আমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়।
ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সারাদেশে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালন করেন তারা। সমাবেশে ছাত্রদলের ঢাবি শাখার প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে ঢাবি ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম রাকিব বলেন, গত পরশু টিএসসিতে প্রকাশ্যে ছাত্রলীগ যে পৈশাচিক হামলা চালিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল তার নিন্দা ও প্রতিবাদ জানায়।
তিনি বলেন, আমরা আমাদের ভাইয়ের রক্তের প্রতিশোধ নেব। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়, জেলা ও উপজেলায় জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রলীগকে রাজপথেই মোকাবিলা করার দৃঢ় প্রতিক্রিয়া ব্যক্ত করছে। আমাদের নেতৃবৃন্দের ওপর হামলার ঘটনায় অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাছিরউদ্দীন নাছির, এইচ এম আবু জাফর, এবিএম এজাজুল কবির রুয়েল,সজীব মজুমদার, আশরাফুল ইসলাম খান, খোরশেদ আলম সোহেল, শাফি ইসলাম, হাসান আল আরিফ, রিয়াদ রহমান, আবু সুফিয়ান, জেহাদুল ইসলাম রঞ্জুসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/নব