এই বাজেটে সাধারণ মানুষের উন্নয়নের কোনো জায়গা নেই: ফখরুল

নতুন বাজেটে সাধারণ মানুষের অর্থনৈতিক উন্নয়নের কোনো জায়গা নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আজ নতুন বাজেট দিতে যাচ্ছে। পত্র-পত্রিকায় পরিষ্কার যা দেখতে পাচ্ছি এই বাজেটে সাধারণ মানুষের অর্থনৈতিক উন্নয়নের কোনো জায়গা নেই।

বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে বিএনপি গঠিত কমিটি আয়োজিত এক ভার্চ্যুয়াল আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আজকে অনেক বড় বড় কথা বলছে। উন্নয়ন উন্নয়ন, কোন উন্নয়ন, কাদের উন্নয়ন, এই উন্নয়ন তাদের জন্য যারা দেশকে শাসন করছে। তাদের পকেট ভারী হচ্ছে আর সাধারণ মানুষ গরীব থেকে আরও গরীব হচ্ছে।

তিনি বলেন, গত ১২/১৩ বছর ধরে আমাদের যে অর্জনগুলো ছিল তা একটা নতুন স্বৈরাচার, একটা নতুন কর্তৃত্ববাদী সরকার সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। এখানে আমাদের একটা কর্তৃত্ববাদী, ফ্যাসিবাদী একটা রাষ্ট্রব্যবস্থা তৈরি করেছে।

তিনি আরও বলেন, আমাদের নির্বাচন ব্যবস্থা, প্রশাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আমাদের শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করেছে। অর্থনীতিকে পুরোপুরিভাবে পরনির্ভরশীল একটা অর্থনীতিতে পরিণত করেছে। এই অবস্থা থেকে মুক্তির জন্য আমরা পথ খুঁজছি। এ জাতি তৈরি হয়ে আছে, তারা মুক্তি চায়।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর