আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল, করেছে মিছিল-প্রতিবাদ সমাবেশ

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের নেতৃবৃন্দের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ক্যাম্পাসে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার (৩ জুন) সকালে ঢাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক রফিকুল ইসলাম রাকিব ও সদস্য সচিব আমানুল্লাহ আমানের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বর থেকে মিছিলটি শুরু হয়। ক্যাম্পাস প্রদক্ষিণ করে মিছিলটি টিএসসি এলাকার রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করে।

সমাবেশে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে ঢাবি ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব বলেন, মঙ্গলবার টিএসসিতে প্রকাশ্যে ছাত্রলীগ যে পৈশাচিক হামলা চালিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল তার নিন্দা ও প্রতিবাদ জানায়। আমরা আমাদের ভাইয়ের রক্তের প্রতিশোধ নেব।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়, জেলা ও উপজেলায় জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রলীগকে রাজপথেই মোকাবিলা করার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করছে। আমাদের নেতাদের ওপর হামলার ঘটনায় অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

এ সময় ঢাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাছিরউদ্দীন নাছির, আশরাফুল ইসলাম খান, খোরশেদ আলম সোহেল, এইচ এম আবু জাফর, এ বি এম এজাজুল কবির রুয়েল, সজীব মজুমদার, শাফি ইসলাম, রিয়াদ রহমান, আবু সুফিয়ান,হাসান আল আরিফ, জেহাদুল ইসলাম রঞ্জু, শরীফুল ইসলাম প্রধান প্রমুখ উপস্থিত ছিলেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর