মানিকগঞ্জের সিংগাইরে তৃতীয় শ্রেণীর এক শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ ষাটোর্ধ্ব আব্দুর রহিমের বিরুদ্ধে। সে উপজেলার বায়রা ইউনিয়নের চর-চারাভাঙ্গা গ্রামের মৃতঃ নয়ন খানের ছেলে। এ ঘটনায় ভিকটিমের পরিবার গত বুধবার থানায় মামলা করেন।
মামলার এজহার ও পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৮ মে) সন্ধ্যায় ওই ছাত্রী বাড়ির পাশের বাগানে আম কুড়াতে গেলে প্রতিবেশী অভিযুক্ত আব্দুর রহিম ১০ টাকা দেয়ার প্রলোভনে পাশের একটি স্যালো মেশিন ঘরে নিয়ে যায়। সেখানে শিশুকে ধর্ষণ চেষ্টা করলে শিশুর দাদি দেখে ফেলে। তখন আব্দুর রহিম পালিয়ে যায়।
পরে স্থানীয় প্রভাবশালীরা ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করে। জানাজানি হলে ভিকটিমের পরিবার গত বুধবার (২ জুন) থানায় মামলা করেন।
এ ঘটনায় থানার পুলিশ পরিদর্শক (ওসি) সফিকুল ইসলাম মোল্লা বলেন, ধর্ষণ চেষ্টার শিকার শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এঘটনায় থানায় আব্দুর রহিমের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
মিলন মাহমুদ/বার্তাবাজার/পি