বগুড়ার শিবগঞ্জে সকালের রান্নায় বাঁসি ও নষ্ট খাবার মেশাতে রাজি না হওয়ায় জায়েদা বেগম (৫৭) নামে এক বাবুর্চির শরীরে গরম তেল ঢেলে হত্যাচেষ্টার দায়ে হোটেলের কর্মচারী মন্টু মিয়াকে(৩৫) আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলার চন্ডিহারা কোয়ালীপাড়ার মিতু হোটেলে এ ঘটনা ঘটে।
পরদিন বুধবার জায়েদা বেগমের মেয়ে কাজলী বেগম বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিলে রাতেই মন্টু মিয়াকে আটক করে পুলিশ।
আহত জায়েদার মেয়ে কাজলী জানান, গরম তেলে তার মা জায়েদা বেগমের শরীরের ডান পাশের অংশ ঝলসে গেছে। এই ঘটনার পর প্রথমে তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার দুপুরে থানার ওসি সিরাজুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
খালিদ হাসান/বার্তাবাজার/পি