মন্ত্রিসভার বিশেষ বৈঠকে অনুমোদন পেয়েছে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট।
বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে সংসদ ভবনে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার এই বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রতিবছর বাজেট ঘোষণার দিন মন্ত্রিসভার বিশেষ বৈঠক বসে, এতে বাজেট অনুমোদন দেওয়া হয়। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এতে অনুমোদন দিয়ে স্বাক্ষর করেন।
বিকালে সংসদে দেশের ৫০তম বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি তার তৃতীয় বাজেট। আর করোনাকালীন সময়ে দ্বিতীয় বাজেট।
এবারের বাজেটের স্লোগান ‘জীবন-জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ’। এবারের বাজেটে সর্বাধিক গুরুত্ব পাচ্ছে জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও কৃষি সেক্টর।
এবারের বাজেটে ঘোষিত প্রণোদনা প্যাকেজের বাস্তবায়ন, খাদ্য উৎপাদন, কৃষি খাত ও ব্যবস্থাপনাকে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। অর্থবছরের পুরো সময়ে থাকবে সরকারের নানা ধরনের খাদ্যবান্ধব কর্মসূচি, বাড়ানো হবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা।
বার্তাবাজার/নব