বাজেট ঘোষণার আগেই বাড়ল সিগারেটের দাম

আজ বৃহস্পতিবার নতুন অর্থবছরের (২০২১-২২) বাজেট প্রস্তাব তুলে ধরবেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। বাজেট ঘোষণার আগেই রাজধানীতে বিভিন্ন পণ্যের দাম বেড়ে গেছে।

প্রতি বছরের ন্যায় এ বছর বাজেট ঘোষণার আগেই সিগারেটের দাম বেড়ে গেছে। রাজধানীর বিভিন্ন অলিগলির দোকানগুলোতে দুদিন আগে ১০ টাকায় বিক্রি হওয়া গোল্ডলিফ সিগারেট এখন ১১-১২ টাকায় আর ১৪ টাকার বেনসন ১৫-১৬ টাকায় বিক্রি হচ্ছে। অবশ্য কোথাও কোথাও প্রকৃত দামেও পাওয়া যাচ্ছে সিগারেটগুলো।

পশ্চিমরাজা বাজার এলাকার এক ব্যবসায়ী বলেন, বাজেট ঘোষণার পর প্রতি বছর সিগারেটের দাম বাড়ে। এতে বাজেটের আগেই সিগারেটের সংকট দেখা যায়। সেই ক্ষেত্রে আমরা বেশি দামে কিনে দাম বাড়িয়ে বিক্রি করি। ব্যবসায় লোকসান দিয়ে তো বিক্রি করতে পারবো না।

রাজধানীর বাজারগুলোতে চাল, আটা, ময়দা, তেল, পেঁয়াজ, রসুন, মশুর ডালের দাম বেড়ে গেছে। চিকন, মাঝারি ও মোটা সব ধরনের চালের দাম কেজিতে ১-২ টাকা বেড়ে গেছে।

চালের পাশাপাশি দাম বেড়েছে আটা ও ময়দার। ৩২ থেকে ৩৪ টাকা কেজি বিক্রি হওয়া প্যাকেট আটার দাম বেড়ে এখন বিক্রি হচ্ছে ৩৪ থেকে ৩৬ টাকা। প্যাকেট ময়দার কেজি আগে ছিল ৪২ থেকে ৪৪ টাকার মধ্যে। এখন তা বিক্রি হচ্ছে ৪৪ থেকে ৪৬ টাকায়।

লুজ সয়াবিন তেলের কেজি ৫-১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৩৫ থেকে ১৪০ টাকায়। আর পাম সুপার বিক্রি হচ্ছে ১২০ থেকে ১২৫ টাকা, যা আগে ছিল ১১৫ থেকে ১২০ টাকার মধ্যে।

গত শুক্রবার ৪৫ টাকা কেজি বিক্রি হওয়া দেশি পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা। ১২০ থেকে ১৩০ টাকার মধ্যে বিক্রি হওয়া রসুনের দাম বেড়ে ১৪০ থেকে ১৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর