স্পেনে ধর্ষণচেষ্টা ঠেকাতে আক্রমণকারীর গোপনাঙ্গ কেটে দিয়েছেন এক বাংলাদেশি নারী। তিনি জানান, তার বস তাকে ধর্ষণের চেষ্টা করলে নিজেকে রক্ষা করতে তিনি ছুরি দিয়ে হামলা করেন।
মঙ্গলবার দিবাগত রাতে দেশটির স্যান্ট অ্যান্ড্রু দে লা বার্সা এলাকার একটি বারে এ ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।
জানা গেছে, ওই নারী বাংলাদেশি প্রবাসী। তিনি ওই বারে কাজ করেন। নারীর বয়স ৩০ বছরের মতো। ভুক্তভোগী নারীর ওই সহকর্মী বাংলাদেশ বা পাকিস্তানের নাগরিক বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ সূত্র জানিয়েছে, বেশ কয়েক মাস ধরেই ওই নারীকে যৌন হয়রানি করা হচ্ছিল এবং তার সঙ্গে বেশ কয়েকবার জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতেও জবরদস্তি করতেন তার বস।
মঙ্গলবার রাতে আবারো ধর্ষণের চেষ্টা করেন অভিযুক্ত ব্যক্তি। এসময় ছুরি দিয়ে আক্রমণকারীর গোপনাঙ্গ কেটে দেন ওই নারী। এরপর ওই নারীই পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।
এদিকে অভিযুক্ত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জরুরি অস্ত্রোপচারে ওই ব্যক্তির গোপনাঙ্গ পুনরায় প্রতিস্থাপন সম্ভব কিনা, বিষয়টি এখনো পরিস্কার নয়।
তবে গোপনাঙ্গ কেটে দেয়ার ঘটনায় ওই নারীকে গ্রেফতার করেছে স্প্যানিশ পুলিশ। তার অভিযোগ সত্য কি না তা তদন্ত করছেন গোয়েন্দারা।
অভিযুক্ত ব্যক্তি কোন দেশের নাগরিক তা এখনো নিশ্চিত নয়। সুস্থ হলে ওই ব্যক্তিকেও পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে।
বার্তাবাজার/নব