দেশের সীমান্তবর্তী জেলাগুলোতে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বাড়ছে। গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় আক্রান্ত আরও ৯ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (২ জুন) সকাল ১০টা থেকে বৃহস্পতিবার (৩ জুন) সকাল ১০টার মধ্যে এই ৯ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদের মধ্যে ৫ জনই চাঁপাইনবাবগঞ্জ জেলার। এছাড়াও রাজশাহীর দুইজন, নওগাঁ ও পাবনার একজন করে রয়েছেন।
বৃহস্পতিবার (৩ জুন) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে নয়জনের মৃত্যু হয়েছে, তারা সবাই করোনায় আক্রান্ত ছিলেন। তাদের মধ্যে হাসপাতালের আইসিইউতে পাঁচজন, ৩ নম্বর ওয়ার্ডে দুইজন, ১৬ নম্বর ওয়ার্ডে একজন এবং ২২ নম্বর ওয়ার্ডে একজন মারা গেছেন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে এসেছেন ২৯ জন। এদের মধ্যে রাজশাহীর ১৪ জন চাঁপাইনবাবগঞ্জের ১১ জন, নওগাঁর তিনজন ও পাবনার একজন রয়েছেন।
হাসপাতালের করোনা ওয়ার্ডে এখন পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন ২২৪ জন। এদের মধ্যে আইসিইউতে আছেন ১৬ জন। রাজশাহীর ১০১ জন, চাঁপাইনবাবগঞ্জের ৯৬ জন, নওগাঁর নয়জন, নাটোরের সাতজন এবং পাবনার ছয়জন রয়েছেন।
বার্তাবাজার/নব