ফরিদপুরের কানাইপুর থেকে জেড.এম রাইচ এন্ড কনজুমার লিমিটেড নামে একটি অবৈধ কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল জুস ও মসলাসহ জুস তৈরীর মেশিন জব্দ করেছে ডিবি পুলিশ।
বুধবার বিকেলে কানাইপুর ইউনিয়নের শোলাকুন্ডু মো. আলেপ শেখের গোডাউন থেকে এই অবৈধ উপায়ে তৈরী এসকল ভেজাল জুস জব্দ করা হয়।
এসময় কারখানার মালিক বসুনরসিংহদিয়া গ্রামের মো. জহিরুল মোল্যাকে না পেয়ে তার কারখানার জুস তৈরীর ৪ শ্রমিককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশি হেফাজতে নেওয়া শ্রমিকরা হলেন, সদর উপজেলার বসুনরসিংহদিয়া গ্রামের কবির ফকির (২২), ফারুক মাতুব্বর (২১), সালথা উপজেলার আটঘর গ্রামের মিথিলা বেগম (২১) ও ঝিনাইদহ জেলার মহেষপুর উপজেলার ইভা খানম (১৭)।
বিএসটিআই এর ফিল্ড অফিসার রিজাম বৈদ্য জানান, ‘এই কারখানার কোন প্রডাক্টের কোন লাইসেন্স নেই। এটি সম্পূর্ণ অবৈধ কারখানা। আমরা এই কারখানার বিরুদ্ধে নিয়মিত মামলা করবো।’
এস.আই মাহাবুল করিম জানান, ‘কারখানার মালিক মো. জহিরুল মোল্যা আগেই পালিয়েছে। আমরা অবৈধ উপায়ে তৈরী এসকল ভেজাল জুস ও জুস তৈরীর সরঞ্জাম জব্দ করেছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।’
মিয়া রাকিবুল/বার্তা বাজার/এস.আর