আদিতমারী উপজেলা চেয়ারম্যানকে স্বপদে বহালের নির্দেশ!

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েসকে স্বপদে বহাল রাখার জন্য নির্দেশনা প্রদান করে চিঠি পাঠিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়।

মঙ্গলবার (১ জুন) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মমতাজ বেগম স্বাক্ষরিত একটি চিঠিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে নির্দেশনা দেওয়া হয়।

উল্লেখ্য যে,গত বছরের ৩০ নভেম্বর অসদাচরণসহ ছয়টি কারণ উল্লেখ করে আদিতমারী উপজেলা পরিষদ চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এরপর থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন ভাইস চেয়ারম্যান চিত্ত রঞ্জন সরকার।

আদিতমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুকের বিরুদ্ধে অসদাচরণ, দুর্ব্যবহার, অশ্রাব্য ভাষায় গালিগালাজসহ হুমকিও দিয়েছেন বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন অভিযোগ দায়ের করেন।

এরপর সাময়িক বরখাস্ত চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস স্থানীয় সরকার বিভাগের এ আদেশের বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন (৯৬৮৭/২০২০) দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বরখাস্তাদেশ স্থগিত করে রায় দেন। যা আপিল করেন রাষ্ট্রপক্ষ। গত ২৫ ফেব্রুয়ারি মহামান্য হাইকোর্ট স্থগিতাদেশ বহাল রেখে রায় দেন। এর পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার (১ জুন) স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব স্বাক্ষরিত একটি আদেশে আদিতমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েসকে স্বপদে বহাল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়ে লালমনিরহাট জেলা প্রশাসকসহ বিভিন্ন দফতরে পত্র দিয়েছেন।

তবে এবিষয়ে লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর “বার্তা বাজার” কে বলেন,”এমন কোন চিঠিটি এখন পর্যন্ত আমার হাতে আসেনি। চিঠি পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর