ঢাকার সাভারে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) এর জমজমাট ফাইনালে ৩-০ গোলে কাউন্দিয়া ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে ইয়ারপুর ইউনিয়ন। বুধবার (২ জুন) বেলা সাড়ে চারটায় গণবিশ্বদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচে যোগ্য দল হিসেবেই ট্রফি জিতে নেয় ইয়ারপুর ইউনিয়ন ফুটবল দল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান এমপি। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
স্বাস্থ্য বিধি মেনে গণবিশ্বদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে বেলা ৩টার আগেই ক্রীড়ামোদী দর্শকেরা মাঠের নির্দিষ্ট জায়গায় অবস্থান নেন। আয়োজক কমিটি এবং আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সদস্যরাও সার্বিক পরিস্থিতি সুন্দরভাবে দেখভাল করেন। পুরা টূর্ণামেন্ট চলাকালীন দুইটি ভেন্যুতে খেলা নিয়ে কোনোধরণের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখা যায়নি। মোটকথা, সাভার উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা অত্যন্ত দক্ষতার সাথে এই টূর্ণামেন্টটি পরিচালনা করে সফলভাবে শেষ করেছে।
নানা রঙের বেলুন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ফাইনাল ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান এমপি ও সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
প্রথমে বালিকা (অনুর্ধ-১৭) দের ম্যাচ অনুষ্ঠিত হয়। এই ম্যাচের ফলাফল উভয় দল যুগ্ম-চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। পরে, নির্দিষ্ট সময়ে (বিকাল সাড়ে চারটায়) রেফারির বাঁশি বেজে উঠতেই দুই ইউনিয়নের তরুন খেলোয়াড়েরা নিজেদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন শুরু করে। মুহুর্মুহু ‘অ্যাটাক’ এবং ‘কাউন্টার অ্যাটাকে’ মন্ত্রমুগ্ধ হয়ে খেলা উপভোগ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং মাঠের সকল দর্শকবৃন্দ।
বিকাল ৪টা ৫১ মিনিটে প্রথম গোল করে ইয়ারপুর ইউনিয়ন এগিয়ে যায়। গোল খেয়ে মরিয়া হয়ে উঠলেও ইয়ারপুর দলের শক্তিশালী রক্ষণভাগকে পরাস্ত করা সম্ভব হয়নি কাউন্দিয়া ইউনিয়ন দলের। বিরতির পরে দ্বিতীয়ার্ধে দ্বিতীয় এবং তৃতীয় গোল হতেই বিজয় নিশ্চিত হয়ে যায় ইয়ারপুর ইউনিয়নের।তবে খেলার শেষ মিনিট পর্যন্ত গোল পরিশোধের সর্বোচ্চ চেষ্টা চালালেও ভাগ্যদেবী সহায় হয়নি কাউন্দিয়া ইউনিয়নের প্রতি। শেষ বাঁশি বেজে উঠতেই ইয়ারপুরের সমর্থকেরা উল্লাসে মেতে উঠে।
অনুষ্ঠানের প্রধান অতিথি দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান এমপি তাঁর বক্তব্যে বলেন, আজকের এই ম্যাচে আমরা সাভার উপজেলার জন্য বালিকা এবং ছেলেদের দুইটি টীম নির্বাচন করে চূড়ান্ত করেছি। এরাই ঢাকা জেলার টূর্ণামেন্টে অংশ গ্রহন করবে। এদের জন্য সাভারে একটি মিনি স্টেডিয়াম করে দেবো যাতে করে খেলাধুলার মান অনুশীলনের মাধ্যমে এরা আরো উন্নত করতে পারে। আর এই সফল আয়োজনের জন্য আমি এর সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।
বিশেষ অতিথির বক্তব্যে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ড কাপ (অনুর্ধ-১৭) টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো। এই টূর্ণামেন্টে সাভার উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভা দল অংশগ্রহন করেছে। আমি এই আয়োজন সফল করার জন্য প্রথমেই সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে উপজেলা পরিষদ ও সাভার উপজেলার সকল নাগরিকদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ইউএনও সাহেব অক্লান্ত পরিশ্রম করেছেন। আর এবারের আয়োজনটি খুব অল্প সময়ের নোটিশে করতে হয়েছে। এর ভিতরেই সাভারের সুযোগ্য ইউএনওর নেতৃত্বে এবং সাভার উপজেলা ক্রীড়া সংস্থা, সকল ইউপি চেয়ারম্যানগণ এবং সর্বোপরি আমাদের প্রিয় অভিভাবক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপির সার্বক্ষণিক মনিটোরিং এর ফলেই এটা সম্ভব হয়েছে। আমি এই সভা থেকে আমাদের সকলের প্রিয় অভিভাবককে সকল সাভারবাসী এবং সাভার উপজেলার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
মঞ্জুরুল আলম রাজীব আরও বলেন, আজকে এই ছেলে ও মেয়েদের দু’টি টিম চূড়ান্ত হয়েছে। এই টিম দুইটি জেলা পর্যায়ে অংশগ্রহন করবে। আপনারা জানেন এপর্যন্ত জেলায় আমরা সাভার উপজেলা দল ১২ বার অংশ নিয়ে ১১ বারই চ্যাম্পিয়ন হয়েছি। ইনশাআল্লাহ এবারও আমরা জেলায় চ্যাম্পিয়ন হবো। এই দুই টিমের সকল দায়দায়িত্ব ও খেলার আনুষঙ্গিক সকল দায়দায়িত্ব সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে আমি গ্রহন করলাম। এব্যাপারে আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম জানান, আজ ছেলেদের যে দলটি চ্যাম্পিয়ন হলো, আমরা আশা করছি এবারও এই টীম ঢাকা জেলায় বিজয়ী হবে। এপর্যন্ত মোট ১২টি আয়োজনের ভিতর আমরা সাভার উপজেলা দল ১১ বার চ্যাম্পিয়ন হয়েছি, ইনশাআল্লাহ ১৩তম চ্যাম্পিয়নের গৌরবও আমরা অর্জন করবো।
তিনি বলেন, প্রিয় দর্শক, আপনারা সবাই খেলা উপভোগ করেছেন। কিন্তু এখানে একটি বিষয় আমি উল্লেখ করবো, এই মঞ্চে বসেও আমাদের অতিথিবৃন্দ কি পরিমাণ মনযোগ দিয়ে খেলাটি উপভোগ করেছেন তা বর্ণনাতীত। এখানে যারা মঞ্চে বসে আছেন, তারা খেলার প্রতিটি মুহুর্তে খেলোয়াড়দের ক্রীড়া নৈপূন্য মুগ্ধ হয়ে অবলোকন করেছেন। এবিষয়টি আমাদেরকে অনুপ্রাণিত করেছে। দর্শকবৃন্দ, আপনারাই শুধু খেলা উপভোগ করেন না, সরকারি গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকেও যে লম্বা সময় ধরে খেলা উপভোগ করা যায়, আজ তা এক বিরল দৃষ্টান্ত হয়ে রইলো। আমি মাননীয় প্রধান অতিথি সহ সকল অতিথিদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। যারা বিজয়ী এবং রানার্সআপ হয়েছেন, তাদেরকেও অভিনন্দন জানাই।
এসময় এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা সহ ইউপি চেয়ারম্যানদের সম্মাননার নিদর্শন হিসেবে ‘ক্রেস্ট’ প্রদান করা হয়। পরে চ্যাম্পিয়ন ইয়ারপুর ইউনিয়ন দলের অধিনায়কের হাতে চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করেন ত্রাণ প্রতিমন্ত্রী ও সাভার উপজেলা চেয়ারম্যান।
ফাইনাল খেলার সম্পূর্ণ অনুষ্ঠানে উপস্থিত থেকে খেলা উপভোগ করেছেন- গণবিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ লায়লা পারভীন বানু, সাভার পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল গণি, সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা, সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ, আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাহিদ হাসান প্রিন্স, আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হ্যাপি দাস, সাভার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শিবলীজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ একরামুল হক, সাভার উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন খান, স্বনির্ভর ধামসোনা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, শিমুলিয়া ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম সুরুজ, পাথালিয়া ইউপি চেয়ারম্যান পারভেজ দেওয়ান, ইয়ারপুর ইউপি চেয়ারম্যান সৈয়দ আহমেদ মাস্টার, কাউন্দিয়া ইউপি চেয়ারম্যান আশিকুর রহমান শান্ত, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ মঈনুল হোসেন, আশুলিয়া থানার ওসি (ইন্টেলিজেন্স) ফজলুল হক প্রমুখ সহ স্থানীয় নেতাকর্মীবৃন্দ।
প্রসঙ্গত, গত রবিবার (৩০ মে) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) এর উদ্বোধনী মাচ অনুষ্ঠিত হয়। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত গণবিশ্ববিদ্যালয় মাঠে তিনটি এবং আশুলিয়া স্কুল মাঠে তিনটি সহ মোট ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হয়।
বার্তা বাজার/এস.আর