বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানেরর ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নিজেদের মধ্যে সংঘর্ষ সৃষ্টি করেছে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার (২ জুন) বিকালে জাতীয় প্রেসক্লাবে দুই দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় প্রত্যক্ষদর্শী ছাত্রদলের নেতাকর্মীরা জানান, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান রাজ-এর অনুসারীরা মঞ্চের সামনের অংশে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিলো। এসময় পেছনের দিকে থাকা একই মহানগরের সাংগঠনিক সম্পাদক রাসেল বাবুর অনুসারীরা বসতে বলেন। এই নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির জেরে একপর্যায়ে চেয়ার ছোড়াছুড়ি হয়। পরে মঞ্চে থাকা বিএনপি’র সিনিয়র নেতাদের ধমকে উভয় পক্ষ শান্ত হয়।

কিছুক্ষণ শান্ত থাকার পর আবারও উভয় পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও ধাক্কাধাক্কি শুরু হয়। এসময় বিএনপি’র প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল মঞ্চ থেকে নেমে এসে থামানোর চেষ্টা করেন। এক পর্যায়ে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বেশ কয়েকজনকে থাপ্পর দিলে পরিবেশ শান্ত হয়ে যায়।
ডেকোরেশনের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের মালিক এইচ এম ফারুক হোসেন জানান, ছাত্রদলের সংঘর্ষের ঘটনায় আমার প্রতিষ্ঠানের প্রায় ৪০টি চেয়ার ভেঙে গেছে।
বার্তাবাজার/ই.এইচ.এম