মেট্রোরেলের ছয় কোচের আরেক সেট ট্রেন ঢাকায় এসে পৌঁছেছে। বুধবার (১ জুন) সকাল আটটা থেকে কোচগুলো বার্জ থেকে নামিয়ে উত্তরায় মেট্রোরেলের ডিপোতে নেয়ার কাজ শুরু করে মেট্রোরেল কর্তৃপক্ষ।
মঙ্গলবার সন্ধ্যার পর কোচবাহী বার্জগুলো দিয়াবাড়ির কাছে জেটিতে পৌঁছায়।
এরআগে, দ্বিতীয় মেট্রো ট্রেন সেটবাহী জাহাজ গত ২১শে এপ্রিল জাপানের কোবে সমুদ্র বন্দর থেকে যাত্রা শুরু করে। ৯ই মে এটি বাংলাদেশের মোংলা সমুদ্র বন্দরে পৌঁছায়। পরে আনুষঙ্গিক কার্যাদি শেষে ২৪শে মে বার্জে করে নদী পথে ঢাকার উদ্দেশে যাত্রা করে।
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ দেশের প্রথম মেট্রোরেল (এমআরটি-৬) পথে মোট পাঁচ সেট ট্রেন চলবে। তৃতীয় ও চতুর্থ সেট আগস্টে এবং পঞ্চম সেট সেপ্টেম্বরে আসবে। বিদ্যুৎচালিত প্রতি সেটে ছয়টি করে বগি থাকবে।
প্রায় ২১ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এমআরটি-৬ এ স্টেশন থাকবে ১৬টি। মেট্রোরেলের কাজ চলছে তিনটি প্যাকেজে। প্রায় ১৫ কিলোমিটার উড়াল রেলপথ নির্মাণ কাজ শেষ হয়েছে।
বার্তাবাজার/ই.এইচ.এম