দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ হাজার ৬৯৪ জনে। এদিন মোট করোনা পরীক্ষা করা হয় ২০ হাজার ২৫৯ জনের।
গত ২৪ ঘণ্টায় মৃত ৩৪ জনের মধ্যে ঢাকা বিভাগে ১১ জন, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনায় পাঁচজন করে ১৫ জন, সিলেট ও রংপুরে তিনজন করে ছয়জন ও বরিশালে দুইজন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে করোনায় আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি।
বুধবার (২ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়াও নতুন করে আরও ১ হাজার ৯৮৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে ও সুস্থ হয়েছেন ১ হাজার ৯১৪ জন। দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ৪ হাজার ২৯৩ জনের ও মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৪৪ হাজার ৬৫ জন।
দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর অর্থাৎ ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।
বার্তাবাজার/নব