করোনাভাইরাস পরিস্থিতির কারণে স্থগিত হওয়া প্রথম ধাপের ৩৭১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাধারণ নির্বাচন, ১১টি পৌরসভায় নির্বাচন ও লক্ষ্মীপুর-২ আসনে উপ-নির্বাচন আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে।
বুধবার (২ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এসব নির্বাচনের তারিখ ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
বৈঠক শেষে ইসি সচিব বলেন, স্থগিত থাকা প্রথম ধাপের ৩৭১টি ইউনিয়ন, ১১টি পৌরসভা ও লক্ষ্মীপুর-২ আসনে নির্বাচনের ভোটগ্রহণ ২১ জুন অনুষ্ঠিত হবে। এর আগে যে পর্যন্ত নির্বাচনের কার্যক্রম সম্পন্ন হওয়ার পর স্থগিত হয়েছিল, সেখান থেকে আবার কার্যক্রম শুরু হবে। অর্থাৎ এখন থেকেই প্রার্থীরা আবার প্রচারণার কাজে নামতে পারবেন।
ইসি সচিব আরও জানান, আগামী ১৪ জুলাই ঢাকা-১৪, কুমিল্লা-৫ ও সিলেট-৩ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই আসনগুলোতে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১৫ জুন। মনোনয়নপত্র বাছাই হবে ১৭ জুন ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৩ জুন।
এর আগে গত ৩ মার্চ দেশের ১১টি পৌরসভা ও ৩৭১টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। সেইসঙ্গে ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত হয়ে সংসদ সদস্য পদ হারানো শহীদ ইসলাম পাপুলের লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনের তফসিলও ঘোষণা করা হয়।
বার্তাবাজার/নব