বগুড়ার শেরপুরের বিভিন্ন হাট-বাজারে এক সপ্তাহের কম সময়ের ব্যবধানে অস্থির হয়ে উঠেছে পেঁয়াজের দাম। কেজিতে বেড়েছে পেঁয়াজের দাম ১৫ থেকে ২০ টাকা।
গত শনিবার প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৪০-৪৫ টাকায়। আর বুধবার সকালে সেই পেঁয়াজ মানভেদে ৫৫ থেকে ৬০ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে। বাজার মনিটরিং না থাকায় হঠাৎ করে এই ব্যবসায় জড়িত অসাধু ব্যবসায়িরা সিন্ডিকেট তৈরী করে রাত পোহালেই পেঁয়াজের মূল্য বৃদ্ধি করেন বলে অভিযোগ উঠেছে।
এদিকে উপজেলার পাইকারি ব্যবসায়ী ও আড়তদাররা জানান, এই সময়ে দেশি পেঁয়াজের পাশাপাশি ভারত থেকেও পেঁয়াজ আসত। কিন্তু কয়েক মাস ধরেই ওই দেশ থেকে পেঁয়াজ আপাতত আসছে না। অন্যদিকে পেঁয়াজ উৎপাদিত এলাকা পাবনা, রাজবাড়ী, কুষ্টিয়া, মাগুরা, ফরিদপুরসহ বিভিন্ন এলাকার হাট-বাজারে এখন বেশি দামে বিক্রি হচ্ছে, যা শেরপুরের বাজারেও প্রভাব ফেলেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, শেরপুরে বিভিন্ন হাট-বাজারে গত সপ্তাহে পেঁয়াজের রকমভেদে ৪০-৪২ টাকা কেজি বিক্রি হলেও গতকাল বুধবার সকালে ৪৮-৫২ টাকা কেজি দরে বিক্রি করছেন আড়তদাররা। আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৫৫-৬০ টাকা কেজি দরে।
পৌর শহরের রেজিস্ট্রি অফিস বাজার এলাকায় বাজার করতে আসা ইকবাল হোসেন বলেন, গত সোমবার বারোদুয়াড়ী হাট থেকে প্রতি কেজি পেঁয়াজ কিনেছি ৪০ টাকায়। অথচ ২ দিন পর সেই পেঁয়াজের দাম ৫৫ টাকা কেজিতে কিনতে হচ্ছে। এ ব্যাপারে উপজেলা বাজার মনিটরিং কমিটির নজরদারি বাড়ানো প্রয়োজন।
শেরপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সাবরিনা শারমিন বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা বাজার মনিটরিং করছি এবং অভিযান অব্যহত আছে।
রাশেদুল হক/বার্তাবাজার/পি