বিএনপির রাজনীতিতে থাকা না থাকায় জনগণের কোনো আগ্রহ নেই
দেশের রাজনীতিতে বিএনপির থাকা না থাকা নিয়ে জনগণের কোনো আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার (২ জুন) সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এ কথা বলেন।
তিনি বলেন, আমরা চাই, বিএনপি থাকুক তবে অপরাজনীতি ত্যাগ করে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করুক, সরকারের গঠনমূলক সমালোচনা করুক।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি আছে তবে ভিন্ন কায়দায়। আর তাই জনগণ মনে করে বিএনপি আছে বলে ষড়যন্ত্র ও আন্দোলনের নামে আগুন সন্ত্রাসও আছে। বিএনপি এখন জনআস্থার তীব্র সংকটে ভুগছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে বিএনপি নেতাদের বক্তব্য নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এসব বক্তব্য বিএনপির চলমান ভাঙা রেকর্ড, যা তারা বাজিয়েই যাচ্ছে। প্রতিহিংসা নয়, সরকার উদার বলেই বিএনপি নেত্রী এখন পছন্দের ডাক্তারের কাছে চিকিৎসা নিতে পারছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিকতায় বিএনপি নেত্রীর সাজা স্থগিত করে তাকে বাসায় চিকিৎসা নেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, তাদের মাঝে এতটুকু কৃতজ্ঞতাবোধও নেই।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন এবং ভবিষ্যতমুখী রাজনীতি বিএনপির ষড়যন্ত্র ও উন্নয়নবিমুখ রাজনীতিতে সংকটের প্রকট ছায়া ফেলেছে। আর তাই বিএনপি এখন হতশ্রী ও জনবিচ্ছিন্ন রাজনৈতিক দল।
বার্তাবাজার/নব