করোনাভাইরাসের সংক্রমণ রোধে নওগাঁয় এক সপ্তাহের বিশেষ লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। আগামীকাল ৩ জুন মধ্যরাত থেকে এ লকডাউন কার্যকর হবে।
বুধবার (২ জুন) দুপুর ২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় এ ঘোষণা দেন জেলা প্রশাসক হারুন অর রশীদ।
লকডাউনের এ সময়ে নওগাঁ পৌরসভা থেকে জেলার অন্য উপজেলা অভ্যন্তরীণ ও দূর পাল্লার সকল যান চলাচল বন্ধ থাকবে।
দেশের সীমান্তবর্তী জেলাগুলোতে করোনার সংক্রমণ হু হু করে বাড়ছে। এ কারণে জেলাভিত্তিক লকডাউন কার্যকর রয়েছে। চাঁপাইনবাবগঞ্জে দ্বিতীয় দফায় আরও ৭ দিনের লকডাউন চলছে।
এছাড়াও আজ খুলনায় এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আগামী ৪ জুন থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। খুলনা মহানগরীর সদর থানা, সোনাডাঙ্গা ও খালীশপুর থানা এলাকায় সব ধরনের দোকান, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে জরুরি সেবা বিধিনিষেধের আওতামুক্ত থাকবে।
বার্তাবাজার/নব