ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে কিসমত মিয়া (৪০) নামের যাত্রী নিহত হয়েছে।
মঙ্গলবার রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের ভাদুঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো ২ যাত্রী আহত হন।
তারা হলেন, কালিপদ (৩০) ও কাউসার (৩৫)। নিহত কিসমত মিয়া জেলা শহরের শিমরাইলকান্দি এলাকার মৃত আইনাল মিয়ার ছেলে। তিনি বাংলাদেশে রেলওয়ে কর্মচারী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, আখাউড়া থেকে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা জেলা শহরের দিকে আসছিল। ওই অটোরিকশাটি দিয়ে কিসমত মিয়াসহ আরও কয়েকজন যাত্রী আখাউড়া থেকে ব্রাহ্মণবাড়িয়ায় ফিরছিলেন। পথিমধ্যে কুমিল্লা-সিলেট মহাসড়কের ভাদুঘর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে কিসমত মিয়া মারা যায় ও দুইজন আহত হয়। হতাহতদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে রাখা আছে।
মোঃ রাসেল আহমেদ/বার্তাবাজার/পি