সীমান্তে অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর নজরদারি

ভারতীয় ভ্যারিয়েন্টের সংক্রমণ বৃদ্ধি না পায় সে লক্ষে সীমান্তে কঠোর নজরদারিতে রেখেছে বিজিবি। ভারতীয় অনুপ্রবেশ ঠেকাতে সাতক্ষীরা জেলার ৭ পয়েন্টকে স্পর্শকাতর হিসাবেও চিহ্নিত করা হয়েছে।

বিজিবি সুত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী ভোমরা, গাজীপুর, কুশখালী, কালিয়ানী, মাদরা, কাকডাঙ্গা ও তলুইগাছা এলাকাগুলো স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করে অবৈধ গমানাগমন প্রতিরোধ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ জানান, বর্তমানে ভারতীয় ভ্যারিয়েন্টের সংক্রমণ অস্বাভাবিকহারে বৃদ্ধি পেয়েছে, এতে ভারতে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। বাংলাদেশ-ভারত সীমান্ত দিয়ে জনগণের অবৈধ গমনাগমনের মাধ্যমে ভাইরাসটি বাংলাদেশে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আরো বলেন, পরিকল্পনা অনুযায়ী সীমান্তবর্তী এলাকার দূরত্ব বিবেচনা করে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত টহল হিসেবে মোটর সাইকেল টহলের ব্যবস্থা করা হয়েছে। ভারতীয় করোনা ভাইরাস সংক্রমণের পরিস্থিতির প্রেক্ষাপট বিবেচনা করে পরিচালিত মোবাইল টহল কার্যক্রমের সময়সীমা বৃদ্ধি করে বর্তমানেও অব্যাহত রাখা হয়েছে। সীমান্তে এ পর্যন্ত ৫৯০টি মোবাইল টহল পরিচালনা করে অবৈধভাবে দেশে প্রবেশের সময় ৮ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।

মীর খায়রুল আলম/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর