মাদারীপুরে গ্রাম পুলিশ এর কাজ গতিশীল করতে বিনামূল্যে ১৪৪ টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১ জুন) দুপুরে আচমত আলী খান মিলনায়তনের হলরুমে মাদারীপুর সদর উপজেলার ১৫টি ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডের গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে এ সাইকেল বিতরণ করা হয়।
এসময় মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফউদ্দিন গিয়াস বলেন, আমার সদর উপজেলার ১৫টি ইউনিয়নের সবকটি ওয়ার্ডে গ্রাম পুলিশ সদস্যদের একটি করে কর্পোরেট সিম দিয়েছি, এখন বাইসাইকেল দেয়া হলো, আগামীতে সকলকে একটি করে স্মার্ট ফোন দেয়া হবে। যাতে গ্রামের যেকোন ঘটনা তাৎক্ষণিক জানাতে পারে এবং আমরা সেই অনুযায়ী তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করতে পারি।
মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, এই সাইকেল বিতরণের ফলে স্থানীয় গ্রাম পুলিশদের কাজ আরো গতিশীল হবে। ইউনিয়ন পরিষদের সকল তথ্য তারা গ্রামে গ্রামে দ্রুত পৌঁছে দিতে পারবে।
অনুষ্ঠানে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দিন গিয়াসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক আজহারুল ইসলাম। এছাড়াও সদর উপজেলা সহকারী ভূমি কমিশনার হোসেন আরা তান্নি এবং উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম ভূইয়া উপস্থিত ছিলেন।
আকাশ আহম্মেদ সোহেল/বার্তা বাজার/এস.আর