নদী ভাঙ্গন রোধ প্রকল্প একনেকে অনুমোদন: প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিলে আ.লীগের হামলা

লক্ষ্মীপুরের রামগতি-কমলনগরের মেঘনাতীর রক্ষা বাঁধ প্রকল্প জাতীয় অর্থনৈতিক নির্বাহী পরিষদের কমিটি (একনেক) সভায় অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে রামগতি কমলনগর বাঁচাও মঞ্চ কমিটি। কিছুক্ষণ পর আনন্দ মিছিলে হামলা করে স্থানীয় আ’লীগ কর্মীরা। এ সময় হামলায় আহত হয়েছেন বাঁচাও মঞ্চের ৫জন কর্মী।

অভিযোগ উঠে উপজেলা আ’লীগের সভাপতি নুরুল আমিন মাস্টারের নেতৃত্বে এ হামলা চালান উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন রাজু ও চর ফলকন ইউনিয়ন আ’লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোশাররফ হোসেন বাঘা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রধানমন্ত্রী, পানি সম্পদ মন্ত্রী ও স্থানীয় সাংসদের ছবি সম্বলিত ব্যানারে মিছিল বের করলে আ’লীগ কর্মীরা অতর্কিত হামলা চালায়। আ’লীগ কর্মীরা এ সময় প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার ছিঁড়ে ফেলে।

মঞ্চের আহবায়ক, সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট আব্দুস সাত্তার পালোয়ান বলেন, মেঘনার ভাঙন থেকে রামগতি-কমলনগর রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী একনেকে যে প্রকল্প পাস করেছেন, তাতে আমরা আনন্দিত । তার ধারাবাহিকতায় মঞ্চের পক্ষ থেকে আমরা সন্ধ্যায় আনন্দ মিছিল করতে বের হয়েছি। মিছিলে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক অতিথি ছিলেন। অথচ তারা আমাদের মিছিলে না উপস্থিত হয় উল্টো মিছিলে হামলা করেছে। এ সময় আমাকে রক্ষার জন্য মঞ্চের কর্মীরা চেষ্টা করতে গেলে ৫জন আহত হন। মঞ্চের পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং ঘটনার সুষ্ঠু তদন্ত চাই৷

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোছলেহ উদ্দিন এ প্রসঙ্গে বলেন, আওয়ামীলীগ কর্মীরা মিছিল করছিল। এ সময় পাশে কমলনগর-রামগতি বাঁচাও মঞ্চের কর্মীরা ব্যানার নিয়ে অপেক্ষা করছে মিছিল করার জন্য। আ’লীগ কর্মীরা মঞ্চের কর্মীদের মিছিলে আহবান করলে তারা ভিন্ন মিছিল করবে বলে জানায়৷ এরপর ধাওয়ার ঘটনা ঘটে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।

শাকের মোহাম্মদ রাসেল

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর