বকেয়া বীমা দাবির টাকা সান লাইফকে পরিশোধের নির্দেশ

আগামী ১৫ দিনের মধ্যে সানলাইফ ইন্স্যুরেন্সের সারাদেশের বীমা গ্রাহকদের পাওনা অর্ধেক টাকা পরিশোধের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ।

মঙ্গলবার (১ জুন) দুপুরে, বীমা কোম্পানিটির মুখ্য নির্বাহীসহ উর্ধ্বতন কর্মকর্তাদের ডেকে এই নির্দেশ দেন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন।

গণমাধ্যমে সানলাইফ ইন্স্যুরেন্সের বীমা দাবির টাকা পরিশোধ না করাসহ কোম্পানিটির চেয়ারম্যান ও উর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারির বিষয়ে সংবাদ প্রকাশের জেরে আজ মঙ্গলবার কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তাসহ উর্ধ্বতনদের ডেকে পাঠায় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ -আইডিআরএ ।

উল্লেখ্য, শত শত গ্রাহকের বিমা দাবির টাকা পরিশোধ না করায় সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বোন অধ্যাপক রুবিনা হামিদসহ সাতজনের বিরুদ্ধে কুষ্টিয়ার আদালতে একাধিক প্রতারণা মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৩১ মে) এ-সংক্রান্ত নয় মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান (স্বাস্থ্যমন্ত্রীর বোন), প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, সারাদেশে সানলাইফ ইন্স্যুরেন্সের কাছে ৩০ কোটি টাকার বেশি পাওনা হয়েছে গ্রাহকদের। কুষ্টিয়া ছাড়াও চাঁপাইনবাবগঞ্জ, নড়াইলসহ আরও কয়েকটি জেলায় কোম্পানির কর্মকর্তাদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে। সেসব মামলার কয়েকটিতে ওয়ারেন্টও জারি হয়েছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর