চার আসনের উপনির্বাচন স্থগিত, ইউপি ভোটের তফসিল বুধবার

লক্ষ্মীপুর-২, সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ চারটি শূন্য সংসদীয় আসনের উপনির্বাচন এবং স্থগিত থাকা ৩৭১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল আগামীকাল বুধবার (২ জুন) ঘোষণা করা হতে পারে। ইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা’র সভাপতিত্বে আগামীকাল বেলা সাড়ে ১১টায় কমিশনের ৮১তম সভা অনুষ্ঠিত হবে। সভায় ভোটের তারিখ নির্ধারণ করা হবে। পরে সভা শেষে এসব ভোটের তফসিল ঘোষণা করা হবে।

বুধবার অনুষ্ঠিতব্য সভায় আলোচ্যসূচির মধ্যে রয়েছে- লক্ষ্মীপুর-২ আসনের স্থগিতকৃত উপনির্বাচন, ষষ্ঠ ধাপের ১১টি পৌরসভা ও প্রথম ধাপের ইউনিয়ন পরিষদের স্থগিতকৃত নির্বাচন; সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ শূন্য আসনের নির্বাচন; ইউনিয়নের দ্বিতীয় ধাপের সাধারণ নির্বাচন ও পৌরসভাসহ স্থানীয় সরকার পরিষদের অন্যান্য নির্বাচন এবং বিবিধ।

ইসি সূত্র জানায়, ৯০ দিন বাড়ানোর পর ভোটের তফসিল দিয়েও স্থগিত করা লক্ষ্মীপুর-২ আসনে ২৬ জুলাই, সিলেট-৩ আসনে ৬ সেপ্টেম্বর, ঢাকা-১৪ আসনে ১ অক্টোবর এবং কুমিল্লা-৫ আসনে ১১ অক্টোবরের আগে নির্বাচন আয়োজন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। তাই বিধি-নিষেধের মেয়াদ বাড়ানো হলেও ইসি সচিবালয় যেসব কারণে ভোটের তফসিল ঘোষণা করার পক্ষে সেগুলো হলো- ইসি সাধারণত আগস্ট মাসে কোনো নির্বাচন আয়োজন করতে চায় না, এরইমধ্যে আবার ২০ জুলাই থেকে ঈদুল আজহা’র জন্য সরকারি ছুটি রয়েছে। তাই ১৫ জুলাইয়ের মধ্যে সিলেট-৩ আসনে উপনির্বাচন আয়োজন করতে চায় নির্বাচন কমিশন।

যেহেতু সিলেট-৩ আসনে উপনির্বাচন করা হবে। তাই বাকি তিনটি আসনের উপনির্বাচন ও স্থগিত থাকা ইউপি ও পৌরসভা নির্বাচনের তফসিলও ঘোষণা করা হতে পারে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর