রাজশাহীতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক ফ্রিল্যান্সার। মঙ্গলবার (১ জুন) দুপুরে পুলিশ আত্মহত্যার বিষয়টি জানতে পারে। এরপর তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জানা যায়, নিহতের নাম আনারুল ইসলাম টুটুল। তার বাড়ি নগরীর হোসেনীগঞ্জে।
এ ব্যাপারে বোয়ালিয়া থানার ওসি নিবারন চন্দ্র বর্মণ জানান, রোববার দিবাগত রাতে যেকোনো সময় টুটুল আত্মহত্যা করেছেন। তাকে বেলা ১১ টার পরেও ঘুম থেকে উঠতে না দেখে বাড়ির লোকজনের সন্দেহ হয়। এরপর তারা পুলিশে খবর দেয়। আমরা গিয়ে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করেছি। তিনি অনেক ঋণগ্রস্ত ছিলেন বলে আমরা জেনেছি।
তিনি বলেন, মারা যাওয়ার আগে আনারুল ইসলাম টুটুল রোববার রাত ১১টা ১৩ মিনিটে তার ফেসবুক এক্যাউন্টে দীর্ঘ একটি স্ট্যাটাস দেন।
তিনি তার স্ট্যাটাসে লিখেছেন, ফ্রিল্যান্সিং করে অনেক টাকা উপার্জন করেছেন। কিন্তু দীর্ঘ সময় অসুস্থতার কারণে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন। আবার কিছুটা সুস্থ হলে আবার তিনি ফ্রিল্যাসিং শুরু করেন।
কিন্তু তার সুস্থ হওয়ার তিন মাস যেতে না যেতেই তিনি আবার অসুস্থ হয়ে পড়েন। তার অসুস্থতার কারণে কাজ বন্ধ রাখতে হয়। এদিকে আয় বন্ধ হয়ে যাওয়ায় ঋণগ্রস্ত থাকায় তার পরিবারে ব্যাপক অভাব-অনটন দেখা দেয়।
এছাড়া স্ট্যাটাসে উল্লিখিত আইটি প্রতিষ্ঠানের কাছে পাওনা ১৭ লাখ টাকা না পাওয়ায় হতাশাবোধও তৈরি হয়। এসব কারণেই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন বলে স্ট্যাটাসে উল্লেখ করেন তিনি।
বার্তাবাজার/ই.এইচ.এম