দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ সংখ্যক কোরোনা রোগীর সংখ্যা বেড়েছে । মঙ্গলবার (১ জুন) কুড়িগ্রামে ১১ জনের দেহে নতুন করে কোভিড-১৯ ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এটি গত দুই মাসের মধ্যে কুড়িগ্রামে সর্বোচ্চ সনাক্ত বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা যায়, মোট ৩১ জনের নমুনা পরীক্ষায় ১১ জনের দেহে কোভিড-১৯ ভাইরাসের উপস্থিতির রিপোর্ট পজেটিভ আসে। এটি গত দুই মাসে জেলায় সর্বোচ্চ সনাক্ত। এর আগে গতকাল (৩১ মে) দুইজন ও গত পরশু দুইজন কোভিড পজেটিভ রোগী সনাক্ত হন।
সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান বলেন, ‘এটা আমাদের জন্য এলার্মিং। দেশের সীমান্তবর্তী অন্য জেলাগুলোতে যেভাবে কোভিড রোগী বাড়ছিল সে তুলনায় কুড়িগ্রামে সনাক্তের হার অনেকটা কমই ছিল। কিন্তু আজ (মঙ্গলবার) যেভাবে ১১ জনের দেহে কোভিড পজেটিভ সনাক্ত হয়েছে তা আমাদের জন্য ভিন্ন বার্তা দিচ্ছে। মানুষ সচেতন না হলে এবং স্বাস্থ্যবিধি না মানলে সংক্রমন নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়তে পারে।’ তবে সংক্রমিতদের মধ্যে কারও শরীরে ভারতীয় ভেরিয়েন্ট রয়েছে কিনা তা নিশ্চিত করতে পারেননি জেলার সর্বোচ্চ এই চিকিৎসা কর্মকর্তা।
স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, কুড়িগ্রামে মোট ১ হাজার ২২৯ জন করোনা পজেটিভ সনাক্ত হয়েছেন। এর মধ্যে ২৩ জন মারা গেছেন এবং ১ হাজার ৫৩ জন সুস্থ্য হয়েছেন। জেলায় মোট ৩৩ হাজার ৭৫৩ জনকে দুই ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে।
সুজন মোহন্ত/বার্তা বাজার/এস.আর