যুবলীগের কমিটি গঠনের ক্ষেত্রে কোন এমপি মন্ত্রীর সুপারিশ শোনা হবে না- নিক্সন চৌধুরী

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ফরিদপুর জেলা শাখার নবগঠিত আহবায়ক কমিটির প্রথম বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ফরিদপুর শহরের অভিজাত একটি চাইনিজ রেস্টুরেন্টে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন।

এ সময় এমপি নিক্সন বলেন, বিগত সময়ের যুবলীগের কথা ভুলে যান। বিগত দিনে ১৭-২০ বছর অনেক জেলা ও উপজেলায় কমিটি না করেও একই লোক পদে থেকেছেন। তা আর হবে না। নির্দিষ্ট সময়ে সব জায়গায় সম্মেলন অনুষ্ঠিত হবে। এসময় তিনি আরো বলেন, যুবলীগ চলে তার নিজস্ব গঠনতন্ত্র মোতাবেক, যুবলীগের চেয়ারম্যানের নেতৃত্বে। যুবলীগের কমিটি গঠনের ক্ষেত্রে কোন এমপি মন্ত্রীর সুপারিশ শোনা হবে না।

বর্ধিত সভায় জেলা যুবলীগের আহবায়ক জিয়াউল হাসান মিঠুর সভাপতিত্বে কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, বাংলাদেশ যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু মনির মো. শহিদুল হক রাসেল, অর্থ সম্পাদক মো. শাহাদাত হোসেন ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিপ্লব মোস্তাফিজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- ফরিদপুর জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক, মেহেদি হাসান শামীম তালুকদার ও খান মোহাম্মদ শাহ সুলতান রাহাত।

সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়- জেলার মধুখালী, বোয়ালমারী, আলফাডাঙ্গা, নগরকান্দা ও সালথা উপজেলায় সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে।

এছাড়া জেলার কোতয়ালী, ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন ও ফরিদপুর পৌর যুবলীগের কমিটি ভেঙে দিয়ে আগামী ৭ দিনের মধ্যে আহবায়ক কমিটি গঠন করা হবে এবং নবগঠিত ফরিদপুর জেলা যুবলীগের আহবায়ক কমিটি আগামী ৯০ দিনের মধ্যে জেলার সম্মেলন আয়োজন করবেন।

মিয়া রাকিবুল/বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর