চট্টগ্রাম বন্দরে সরিষা বীজ আমদানি করার ঘোষণায় ৪২ টন পপি বীজ বা মসলা হিসেবে ব্যবহৃত পোস্তা দানা জব্ধ করেছে কাস্টমস।
পপি বীজ আমদানি নিষিদ্ধের তালিকায় রয়েছে। আফিমসহ বিভিন্ন রকমের মাদক তৈরিতে পপি বীজ ব্যবহার করা হয় বলে তা আমদানি নিষিদ্ধ করে সরকার।
মঙ্গলবার কাস্টমস কর্তৃপক্ষ জানায়, পুরান ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান আজমিন ট্রেড সেন্টার সরিষা বীজ ঘোষণায় মালয়েশিয়া থেকে দুই কন্টেইনার পণ্য আমদানি করে। সিঅ্যান্ডএফ এজেন্ট হটলাইন কার্গো ইন্টারন্যাশনাল পণ্য চালানটি খালাসের জন্য এই দফতরে ১৮ এপ্রিল বিল অব এন্ট্রি দাখিল করে এবং ঘোষিত পণ্য সরিষা বীজের শুল্ক বাবদ ১ লাখ ৪২ হাজার ৪৯৭ টাকা পরিশোধ করে।
চট্টগ্রাম কাস্টমস হাউস-এর এআইআর টিম পরে শতভাগ কায়িক পরীক্ষায় ৫৪ টন সরিষা বীজের জায়গায় ১২ টন সরিষা বীজ এবং ৪২ টন আমদানি নিষিদ্ধ পপি বীজ বা পোস্তা দানা পায়।
কাস্টমস হাউস-এর সহকারি কমিশনার রেজাউল করিম জানান, অসত্য ঘোষণায় নিষিদ্ধ পণ্য আমদানি করায় সংশ্লিষ্টদের আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধের বিষয়টি খতিয়ে দেখছে কাস্টম হাউস-এর অ্যান্টি মানি লন্ডারিং ইউনিট।
বার্তাবাজার/ই.এইচ.এম