খুলনায় জনতার তাড়া খেয়ে ট্রলার নিয়ে পালালেন এমপি

খুলনার কয়রার মহারাজপুর ইউনিয়নের দশহালিয়া এলাকায় কপোতাক্ষ নদের ভেঙে যাওয়া বাঁধ মেরামত দেখতে গিয়ে জনতার তাড়া খেয়েছেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বাঁধ ভেঙে মহারাজপুর ও পাশের বাগালী ইউনিয়নের অন্তত ২০টি গ্রাম প্লাবিত হয়। নিয়মিত জোয়ারভাটার কারণে ওই বাঁধ এখনও মেরামত করা সম্ভব হয়নি। তাই স্বেচ্ছাশ্রমে এলাকার কয়েকশ মানুষ বাঁধটি মেরামত করছিলেন।

একটি ট্রলার নিয়ে বাঁধ মেরামতের কাজ দেখতে যান এমপি। তাকে দেখে উত্তেজিত জনতা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং ট্রলারের দিকে কাঁদা ছুঁড়তে থাকেন। এক পর্যায়ে বাধ্য হয়ে ট্রলার নিয়ে ফিরে আসেন।

এ বিষয়ে এমপি মো. আক্তারুজ্জামান গণমাধ্যমকে বলেন, স্থানীয় মানুষ টেকসই বেড়িবাঁধ চান। প্রতিবছর বাঁধ ভাঙনে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বাঁধ মেরামতে সেখানে কয়েক হাজার মানুষ কাজ করছিলেন। সেখানে গেলে তাকে দেখে মানুষ ক্ষোভ প্রকাশ করে টেকসই বেড়িবাঁধের দাবিতে বিক্ষোভ করেছেন।

তিনি আরও বলেন, তাদের টেকসই বাঁধ চাওয়ার দাবি যৌক্তিক। বারবার বাঁধ ভাঙনে তাদের ক্ষতিগ্রস্থ হতে হয় এবং বারবার স্বেচ্ছাশ্রমে তাদের কাজ করতে হয়। এ কারণে এলাকার এমপির ওপর তাদের ক্ষোভও বেশি।

পরে ওই এলাকায় নেমে সাধারণ মানুষের সঙ্গে বাঁধের কাজ করেছেন বলে জানান এমপি। তবে তাকে বহনকারী ট্রলারে কাঁদা ছুঁড়ে মারা হয়নি বলে দাবি করেছেন তিনি।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর