খিচুরি রান্না শেখার ১৭ হাজার কোটি টাকার প্রকল্প বাতিল

নানা সমালোচনার মুখে অবশেষে প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবার দিতে ‘স্কুল মিল’ শীর্ষক প্রকল্প থেকে খিচুরি রান্নার বিষয়টি বাতিল করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

মঙ্গলবার (১ জুন) রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে উপস্থাপিত প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল ১৭ হাজার ২০০ কোটি টাকার বেশি। কিন্তু প্রকল্পটি আরও যাচাই-বাছাই করে এবং নতুন করে অন্য আঙ্গিকে আনার জন্য বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, খিচুরি রান্না করতে গেলে অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে। এছাড়া এটির ব্যবস্থাপনা অনেক জটিলও হবে। তাই খিচুরি রান্নার পরিবর্তে দুধ, কলা বা অন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা ভেবে দেখতে হবে।

একই সঙ্গে প্রকল্পটি বাস্তবায়ন করতে সরকারি অর্থের পাশাপাশি সমাজের বিত্তবানদের অংশগ্রহণ নিশ্চিত করা যায় কিনা তারও প্রচেষ্টা চালানোর কথা বলেছেন প্রধানমন্ত্রী।

সভাশেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন,বাচ্চাদের খাবার দেওয়ার জন্য একনেক সভায় না প্রাইমারি স্কুল মিল প্রকল্প উপস্থাপন করা হয়েছিল। আজকে সভায় একটি প্রকল্প অনুমোদন পায়নি। খাবারের ফরমেট চেঞ্জ করতে বলা হয়েছে। এভাবে প্রকল্পটি একনেক সভায় আর আসবে না।

পরিকল্পনামন্ত্রী আরও জানান, চলমান প্রকল্পের অংশ হওয়ায় এবং মানবিক কারণে সম্ভাব্যতা সমীক্ষা ছাড়াই হাতে নেওয়া হয়েছে। তবে নতুন সমীক্ষা করা হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মার্চ ২০২১ থেকে জুন ২০২৬ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করার পরিকল্পনা ছিল। দেশের ৮টি বিভাগের ৬৪টি জেলার ৪৯২টি উপজেলায় ও ২১টি শিক্ষা থানায় প্রকল্পটি বাস্তবায়ন করার লক্ষ্য ছিল। প্রকল্প ব্যয় ধরা হয়েছিলো ১৭ হাজার ২৯০ কোটি ২২ লাখ ৫৯ হাজার টাকা। প্রকল্পের পুরো অর্থ যোগানো হবে সরকারের নিজস্ব তহবিল।

এ প্রকল্পের আওতায় খিচুড়ি রান্না ও পরিবেশনের প্রশিক্ষণ নিতে ১ হাজার সরকারি কর্মকর্তা-কর্মচারীর বিদেশ সফরের একটি প্রস্তাব ছিল, যা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। ফলে খাতটি বাদ দেওয়া হয়েছে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর