শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে জয়পুরহাটে প্রতীকী ক্লাস

স্বাস্থ্যবিধি নিশ্চিত করে সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে প্রতীকী ক্লাসের আয়োজন করেছেন জয়পুরহাট জেলার সাধারণ শিক্ষার্থীরা। এর আগে তারা জেলার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটা মিছিল বের করে জিরো পয়েন্টে এসে মানববন্ধন করেন।

মঙ্গলবার (১লা জুন) দুপুর ১২টায় সাধারণ শিক্ষার্থীবৃন্দের ব্যানারে এসব কর্মসূচি পালন করা হয়। এসময় জয়পুরহাট জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ শিক্ষক ও অভিবাবকরা অংশ নেন।

প্রতীকী ক্লাসে শিক্ষক হিসেবে ছিলেন আমদই ইউনাইটেড কলেজের আইসিটি বিভাগের প্রভাষক উৎপল দেবনাথ ও শিক্ষাবিদ ওবায়দুল্লাহ মূসা। এসময় দেশের সমসমায়িক বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেন। তারা স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিও জানান।

এর আগে অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশে জয়পুরহাট সরকারি কলেজের শিক্ষার্থী রিফাত রহমানের সভাপতিত্বে ও সোহান কাদিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সরকারি কলেজের শিক্ষার্থী রাশেদ ইসলাম, সাইফুল ইসলাম, নাজমুল হোসেন, রিফাত আমিন রিয়ন, রংপুর কারমাইকেল কলেজের শিক্ষার্থী রেহেনা পারভিন খুশি, মঙ্গলবাড়ী এম এম কলেজের শিক্ষার্থী রুবেল হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

সমাবেশ থেকে সাধারণ শিক্ষার্থীরা সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে খোলার দাবি জানার পাশাপাশি অতিদ্রুত সাধারণ শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়ার দাবি জানান।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর