বৃষ্টির পানিতে ডুবে গেছে রাস্তা। পানির নিচে পড়ে ছিল বিদ্যুতের তার। পানি থেকে রিকশা সরাতে গিয়ে রাজধানীর উত্তরায় দুই রিকশাচালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ জুন) সকালে উত্তরা পশ্চিম থানাধীন ১০ নম্বর সেক্টরের ২১ নম্বর রোডে এ ঘটনা ঘটে। মৃত দুইজন হলেন- মো. আব্দুর রাজ্জাক (৫০) ও জিয়া (৪৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির পানির নিচে বিদ্যুতের তার পড়ে ছিল। পানি থেকে রিকশা সরাতে গিয়ে তারা দুজন বিদ্যুতায়িত হন। এ সময় তাদের উদ্ধার করে মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
তাদের অবস্থার অবনতি হলে সেখান থেকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মৃত জিয়া সিরাজগঞ্জের ডেউপাড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে। আর আব্দুর রাজ্জাক কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলোর বারঘরিয়া গ্রামের ওহাব মিয়ার ছেলে।
উত্তরা ১০ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক ইনসাফ আলী ওসমানী বলেন, এই সেক্টরসংলগ্ন বস্তি ও কিছু গ্যারেজে অবৈধ বিদ্যুৎ সংযোগ থাকায় এ ধরনের দুর্ঘটনা ঘটছে। এ বিষয়ে তিনি কর্তৃপক্ষকে বিশেষ নজর দেওয়ার দাবি জানান।
বার্তাবাজার/নব