করোনাভাইরাসের সংক্রমণ রোধে রোধে কক্সবাজারের টেকনাফ ও উখিয়া উপজেলায় এবং ৫টি রোহিঙ্গা ক্যাম্পে চলমান কঠোর লকডাউনের মেয়াদ আগামী ৬ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।
মঙ্গলবার (১ জুন) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ চৌধুরী ও উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ।
তারা জানিয়েছেন, করোনা সংক্রমণ বাড়তে থাকায় কক্সবাজার জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক সীমান্ত উপজেলা টেকনাফে ২১ মে থেকে ৩১ মে পর্যন্ত লকডাউন দেওয়া হয়েছিল।
পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় আগামী ৬ জুন পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে। করোনার সংক্রমণ বৃদ্ধি এবং রোহিঙ্গা ক্যাম্পে কঠোরভাবে লকডাউন বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন তারা।
লকডাউন প্রসঙ্গে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামসুদ্দৌজা বলেন, করোনা সংক্রমণ বাড়তে থাকায় উখিয়ার ২, ৩, ৪, ১৫ ও ২৪ নম্বর ক্যাম্পে ১০ দিনের জন্য লকডাউন দেওয়া হয়েছিল। তা আরও ৬ দিনের জন্য বাড়ানো হয়েছে। ক্যাম্পে চিকিৎসা, খাদ্যপণ্যসহ জরুরি কার্যক্রম ছাড়া সব প্রকার কার্যক্রম বন্ধ রয়েছে।
বার্তাবাজার/নব