ফাইজারের ১ লাখ ডোজ টিকা দেশে এসেছে

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কোভ্যাক্স থেকে ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা এসে পৌছেছে।

সোমবার (৩১ মে) রাত ১১টা ১৩ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে গ্যাভির কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে পাঠানো এই ১ লাখ ৬২০ ডোজ টিকা ঢাকায় পৌঁছায়।

বাংলাদেশে গত ফেব্রুয়ারিতে গণটিকাদান কর্মসূচি শুরু হয়েছিল ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড দিয়ে। সাড়ে ৩ কোটি ডোজ টিকা কিনতে সেরাম বাংলাদেশের সাথে চুক্তিবদ্ধ হলেও ৭০ লাখ ডোজ দেয়ার পর ভারত রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়ায় আর টিকা আসেনি। এরপর নতুন উৎস হিসেবে চীনের সিনোফার্মের তৈরি টিকা কিনছে বাংলাদেশ। কথা চলছে রাশিয়ার টিকা কেনার বিষয়েও।

সোমবার ফাইজারের টিকা নিতে বিমানবন্দরে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের এমএনসিঅ্যান্ডএএইচ অপারেশনাল প্ল্যানের লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হকসহ অন্যান্য কর্মকর্তারা।

ডা. শামসুল হক সাংবাদিকদের জানান, দেশে ১ লাখ ৬২০ ডোজ টিকা এসে পৌঁছেছে। এগুলো আমাদের ইপিআইয়ের নির্ধারিত স্টোরেজে নিয়ে রাখা হবে।

উল্লেখ্য, দরিদ্র দেশগুলোর টিকাপ্রাপ্তি নিশ্চিতে গঠিত আন্তর্জাতিক প্ল্যাটফর্ম গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশনের (গ্যাভি) কাছ থেকে ফাইজারের এ টিকা আসছে। প্রাণঘাতী ও সংক্রামক ব্যাধি থেকে দরিদ্র দেশগুলোর শিশুদের জীবন রক্ষায় টিকা প্রদানে ভূমিকা রাখা গ্যাভি বিশ্বের নিম্ন ও মধ্যম আয়ের ৯২টি দেশকে করোনাভাইরাসের টিকা সরবরাহের উদ্যোগ নিয়েছে। দরিদ্র দেশগুলোর টিকা প্রাপ্তি নিশ্চিত করতে গঠন করা হয়েছে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স।

গত বছরের ২ ডিসেম্বর বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য ফাইজারের টিকা জরুরি ব্যবহারের অনুমতি দেয়। যুক্তরাষ্ট্র ও কানাডাসহ বিভিন্ন দেশে এখন এই টিকা প্রয়োগ করা হচ্ছে। গত বছরের ৩১ ডিসেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থাও তাদের জরুরি ব্যবহার্য টিকার তালিকায় ফাইজারের ভ্যাকসিনকে অন্তর্ভুক্ত করে।

বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর