এমপির নিজস্ব অর্থায়নে বুক বাঁধছেন চরাঞ্চলের ছয় ইউনিয়ন

আগ্রাসী যমুনার ভাঙন থেকে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চলের ছয় ইউনিয়নের প্রাণকেন্দ্র নাটুয়ারপাড়া চরে বাঁধ নির্মাণে ভিটেমাটি রক্ষা পাবে বলে আশার বুধ বাঁধছেন ওই বাসিন্দারা।

পানি উন্নয়ন বোর্ড বলছে, বাঁধ নির্মাণে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আর বন্যার সম্ভাব্য ক্ষতি থেকে কাজিপুর চরাঞ্চলের ছয় ইউনিয়নের প্রাণকেন্দ্র নাটুয়ারপাড়ার ভিটেমাটি রক্ষায় চারপাশে বেষ্টনি তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় এমপি।

সোমবার (৩১ মে) আগ্রাসী যমুনার ভাঙন থেকে ভিটেমাটি রক্ষায় দুটি প্রকল্প ও সিংড়াবাড়ি এবং নাটুয়ারপাড়ায় নদীতীর সংরক্ষণে জিও ব্যাগ ফেলার কাজের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।

পাউবো’র সূত্রে জানা যায় ওই উপজেলার সিংড়াবাড়ি থেকে বাঐখোলা পর্যন্ত মোট ৪.৬ কিলোমিটার এবং সিমলা থেকে পাঁচঠাকুরি পর্যন্ত ১.২ কিলোমিটার নদীতীর রক্ষার কাজ হচ্ছে ১৬ টি প্যাকেজে। যার ব্যয় বরাদ্দ ধরা হয়েছে মোট ৫শ ৬০ কোটি টাকা।

উদ্বোধন শেষে এমপি জয় চরাঞ্চলের নাটুয়ারপাড়া রক্ষা বাধের নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় চরাঞ্চলের ছয় ইউনিয়নের প্রাণকেন্দ্র নাটুয়ারপাড়া রক্ষা বাধের জন্যে সরকারি বরাদ্দের পাশাপাশি নিজস্ব তহবিল থেকে আরও ২০ লক্ষ টাকা দেবার ঘোষণা দেন।

এমপি জয় বলেন, কাজিপুরকে নদী ভাঙন থেকে রক্ষা করতে বর্তমান সরকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমার প্রয়াত পিতা কাজিপুরকে রক্ষায় যমুনার ডানতীরে কাজের উদ্বোধন করে গেছেন। এ কারণে কাজিপুরে নদী ভাঙন কমেছে। সরকারি ভাবে একটু বেশি বরাদ্দের আশা করেছিলাম। কিন্তু সেটা হয়নি। যেটুকু বরাদ্দ দিয়েছে তার সমপরিমাণ টাকা আমার ব্যক্তিগতভাবে বরাদ্দ দিলাম নাটুয়ারপাড়া বাধ রক্ষায়।

এ সময় উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, সিরাজগঞ্জ পাউবো’র উপ-বিভাগীয় প্রকৌশলী একেএম রফিকুল ইসলাম, নাসির উদ্দিন, উপ-সহকারি প্রকৌশলী হায়দার আলী, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আলী আসলাম, ছাত্রলীগ সভাপতি রাজু আহম্মেদ, সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার, নাটুয়ারপাড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুর রহিম প্রমূখ।

এম এ মালেক/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর