রাজধানীর বাড্ডা থেকে এলএসডি মাদকসহ গ্রেপ্তারকৃত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর প্রত্যেককে ৫ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।
সোমবার (৩১ মে) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের আদালত রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে যাওয়া পাঁচ শিক্ষার্থী হলেন-সাইফুল ইসলাম সাইফ, মনোয়ার আকিব আনান, নাজমুস সাকিব, বিএম সিরাজুস সালেকীন তপু ও নাজমুল ইসলাম।
মামলাটির তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার সাব ইন্সপেক্টর বদরুল আল আমিন তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, গতকাল রবিবার (৩০ মে) বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওই ৫ শিক্ষার্থীকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করে খিলগাঁও থানা পুলিশ। এদের মধ্যে প্রথমে সাইফ, মনোয়ার ও সাকিব নামে তিনজনকে রাজধানীর মালিবাগ থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্যে অভিযান চালিয়ে নাজমুল ইসলাম ও সিরাজুস সালেকীন নামে বাকি দু’জনকে ভাটারা থেকে গ্রেপ্তার করা হয়।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে এলএসডিসহ আটকের পর রবিবার সন্ধ্যায় রাজধানীর পল্টন থানায় সংবাদ সম্মেলনে ডিএমপির মতিঝিল জোনের ডিসি মোহাম্মদ আহাদ জানান, গ্রেপ্তার সবাই অনলাইনে এলএসডি বিক্রির কাজ করতো। এক বছর ধরে তারা নিজেরাও এই মাদক সেবন করছে। তিনি আরও জানান, ১৩-১৪টি গ্রুপ এলএসডি বিক্রি ও সরবরাহের কাজ করছে