রাজধানীর কলাবাগানের একটি বাড়ি থেকে এক নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩১ মে) দুপুরে কলাবাগানের ফার্স্ট লেনের ৫০/১ নম্বর বাসার তৃতীয় তলার ফ্ল্যাট থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়। সাবিরা রহমান নামের ওই নারী চিকিৎসক ধানমন্ডির গ্রিন লাইফ হাসপাতালের রেডিওলোজি বিভাগে কর্মরত ছিলেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে সাবিরা রহমানকে হত্যা করা হয়েছে। তার পিঠে এবং গলায় জখমের দাগ আছে। আলামত সংগ্রহে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ফরেনসিক টিম কাজ করছে বলে জানা গেছে।
পুলিশ আরও ধারণা করছে, হত্যার উদ্দেশে সাবিরাকে আঘাত করা হয়। শ্বাসনালীতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে এবং দেহে রক্ত ও আগুনে পোড়ার ক্ষত রয়েছে। আঘাত করার পর তাকে আগুনে পুড়িয়ে অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে বলে ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়ে থাকতে পারে বলেও ধারণা পুলিশের।
সাবিরা রহমান যে বাসায় ভাড়া থাকতেন সেখানকার একটি কক্ষ এক তরুণী শিক্ষার্থীকে সাবলেট হিসেবে ভাড়া দিয়েছিলেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাবলেটের বাসিন্দা, তার এক বন্ধু এবং বাসার দারোয়ানকে ডিবি হেফাজতে নেয়া হয়েছে।
বার্তাবাজার/ই.এইচ.এম