‘শিক্ষার্থীদের মুক্তি না দিলে প্রধান বিচারপতির বাসভবন ঘেরাও করার হুমকি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধীতা করে আন্দোলনকারী ৫৪ শিক্ষার্থীকে মুক্তি না দিলে প্রধান বিচারপতির বাসভবন ঘেরাও করার হুমকি দিয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।

সোমবার (৩১ মে) দুপুরে সুপ্রীমকোর্ট রেজিস্ট্রার জেনারেলের সাথে দেখা করে তাদের মুক্তি দাবি জানিয়ে সাংবাদিকদের কাছে এ কথা বলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা।

তিনি বলেন, আজকে যদি কাজ না হয়, এটাও জানিয়ে দিতে চাই, আমরা প্রধান বিচারপতির বাসস্থানে যাব। ঘেরাও করে বসে থাকবো, যতক্ষণ না তিনি আমাদের কথা না শুনেন। জনগণের আবেদন না শুনেন ওনার ওই চেয়ারে থাকার অধিকার নাই।

ডা. জাফরুল্লাহ আরো বলেন, হাইকোর্ট হলো জনগণের জন্য একটা উন্মুক্ত প্রাঙ্গণ। সেখানে গেটে তালা লাগিয়ে তারা ভুল করছেন। হাইকোর্টের দরজা কখনো বন্ধ হতে পারে না। জনগণের বিচারের জায়গা, এটি ২৪ ঘণ্টা খোলা থাকবে। আমি বলেছি, আপনারা যদি আমাকে ঢুকতে না দেন, দরকার হলে সারারাত আমি ওই গেটে বসে থাকবো। আমি মুক্তিযোদ্ধা কখনো পেছাতে শিখিনি। জয় নিয়েই ফিরবো। আমরা ১৮ জন ব্যক্তি একটা দরখাস্ত করেছিলাম। সেখানে ৫৪ জন ছাত্রের জামিন চেয়েছিলাম। আজকে তিন মাস হয়ে গেছে জামিন হয় না। অথচ সৌভাগ্যের বিষয় সাংবাদিক রোজিনা ইসলামের সাতদিনের মধ্যে জামিন হয়ে গেলো। রোজিনার তথাকথিত অপরাধের চেয়েও ছাত্রদের অপরাধ কম। ছাত্রদের অপরাধ, তারা এক ঘৃণ্য ব্যক্তিকে ধিক্কার দিয়েছে। এই কারণে তাদেরকে জেলে দিয়েছে। এই ছাত্রদের জামিন না দেওয়ার থেকে বড় অন্যায় আর কী হতে পারে? এই কথাগুলো প্রধান বিচারপতিকে জানাতে এসেছিলাম। তিনি আজকে অফিসে নেই।

এর আগে সুপ্রিমকোর্টের মাজার গেটে তাদের আটকে দেয় পুলিশ। সেখানে প্রায় ঘণ্টাখানেক অবস্থান করেন ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ আন্দোলনকারীরা। পরে সুপ্রিমকোর্ট প্রশাসন তাদের ভেতরে যাওয়ার অনুমতি দিলে ডা. জাফরুল্লাহ, জোনায়েদ সাকী ও নুরুল হক নুরুসহ সাত সদস্যের প্রতিনিধি সুপ্রিমকোর্ট রেজিষ্টার জেনারেলের সাথে দেখা করেন।

প্রসঙ্গত, মোদিবিরোধী আন্দোলনে সহিংসতার ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা করে। এসব মামলায় ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর